
প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠানো হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘প্রশিক্ষণ না দিয়ে আমরা কাউকে ক্লাসরুমে ঢোকাব না। এই সিদ্ধান্তের কারণে সাড়ে ১৪ হাজার শিক্ষক আমার বিরুদ্ধে মিছিলও করেছেন। কিন্তু আমরা আমাদের অবস্থানে অনড় রয়েছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, গত বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছর নিয়োগ পাওয়া প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রশিক্ষণ শেষ হলে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে তাঁদের শ্রেণিকক্ষে পাঠানো হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও সরকার কাজ করছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘বেসরকারি স্কুলগুলোর সঙ্গে আমরা বসছি। কীভাবে তাদের আরও কার্যকর নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, সেটি নিয়ে কাজ করছি।’
শিক্ষা কমিশন গঠন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষা কমিশন হলে ভালো। তবে সরকার যেন জবাবদিহির বাইরে চলে না যায়, সে বিষয়ে নাগরিক সমাজকে ভূমিকা রাখতে হবে। সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের ডাকেন, প্রশ্ন করেন। উত্তরের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।’
সরকারি চাকরিতে দলীয়করণের বিরোধিতা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই না সরকারি চাকরি দলীয়করণ হোক।’ দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে মন্তব্য করে ববি হাজ্জাজ বলেন, ‘অনেক মেরামতের কাজ বাকি আছে। আমরা ধাপে ধাপে সংস্কারের চেষ্টা করছি।’
এ সময় ইবতেদায়ি শিক্ষা প্রাথমিক শিক্ষা বোর্ডের অধীনে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়া শুরু হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, আগামী দিনে ১০ বছরের নিচের সব ধরনের শিক্ষাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনে একই ধরনের কারিকুলামের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
জাতীয় শিক্ষাক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি সমমানের শিক্ষাক্রম প্রণয়নের চেষ্টা করছে। আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, যা আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান বলেন, ‘শিক্ষায় সংস্কার লাগবে। শিক্ষার ক্ষেত্রে আমরা সরকারের ৫০টি ঘোষণা পেয়েছি। সরকারের মাত্র তিন মাসও হয়নি। শিক্ষায় চারটি বড় বাধা আছে। এর মধ্যে একটি হলো শিক্ষায় বরাদ্দ কম। একসময় শিক্ষায় বরাদ্দ জিডিপির ২ শতাংশ থাকত, নামতে নামতে তা এখন ১ দশমিক ৮ শতাংশ। মুশকিলটা হলো যেটা আসলে ব্যয় হয়...কাজির গরু কেতাবে আছে; গোয়ালে নেই। গোয়ালে আছে ১ দশমিক ৩ শতাংশ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

গবেষণাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয়....
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘আমি নিজেও প্রায় ২০ বছর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাইনি। এটা আমার পর্যবেক্ষণ। অথচ ইউনিসেফ মাঠপর্যায়ে কাজ করে আমাদের তথ্য দিয়েছে, বর্তমানে শ্রেণিকক্ষগুলোর অবস্থা কী।
৫ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, চার শর্তে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করবেন।
৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে।
১০ ঘণ্টা আগে