তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের জন্য এখন এক বিশেষ সময়। পরীক্ষা শেষ, ফলের অপেক্ষা। সামনে কলেজে ভর্তি হওয়ার আগে হাতে আছে বেশ কিছুটা অবসর। এই সময়টাকে শুধু বিশ্রামের জন্য নয়, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতির জন্যও কাজে লাগানো যায়।
ফল পাওয়া, কলেজ নির্বাচন, পরিবারের প্রত্যাশা—সব মিলিয়ে সময়টা অনেকের জন্য চ্যালেঞ্জিং। তবে এটিই নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এবং দক্ষতা বাড়ানোর ভালো সুযোগ। সেই দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে কয়েকটি সহজ অভ্যাস।
পরীক্ষার ফল কখনো সফলতার একমাত্র মাপকাঠি নয়। একটি নির্দিষ্ট জিপিএ বা নম্বর দিয়ে তোমার মেধা, অনুভূতি কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়। তাই প্রতিদিন কিছু সময় শুধু নিজের জন্য রাখো। ডায়েরি লেখো, নিজের সঙ্গে কথা বলো, কিংবা নিরিবিলি বসে নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবো।
অন্য কারও সঙ্গে নিজের তুলনা কোরো না। প্রত্যেক মানুষের পথ আলাদা। নিজের মূল্য নিজে বুঝতে শিখলে সাময়িক ব্যর্থতা বা নেতিবাচক মন্তব্য সহজে তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
পরীক্ষার চাপ কেটে গেলে কিছুটা অলসতা আসা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটে তখনই, যখন আমরা নিজের পরিচিত গণ্ডির বাইরে পা বাড়াই। প্রতিদিন এমন একটি ছোট কাজ করার চেষ্টা করো, যা করতে সামান্য ভয় বা দ্বিধা লাগে। হতে পারে নতুন কারও সঙ্গে কথা বলা, নতুন কোনো খাবার রান্না করা, একা কোথাও ঘুরে আসা বা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি বই পড়া। এই ছোট ছোট অভিজ্ঞতাই আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করে।
পরীক্ষার পর অনেকের জীবনযাত্রায় বিশৃঙ্খলা দেখা দেয়। রাত জেগে মোবাইল ব্যবহার, ঘণ্টার পর ঘণ্টা গেম খেলা বা উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। সবকিছু একসঙ্গে বদলানোর প্রয়োজন নেই। শুধু একটি খারাপ অভ্যাস বেছে নাও এবং সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করো। ছোট এই পরিবর্তনই নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়াবে এবং আত্মবিশ্বাস গড়ে তুলবে।
আমরা প্রায়ই অন্যের প্রশংসার ওপর নির্ভর করি। কিন্তু সব সময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকলে নিজের শক্তিকে পুরোপুরি কাজে লাগানো যায় না। তাই ছোট ছোট অর্জনের জন্য নিজেকে অভিনন্দন জানাও। সময়মতো ঘুমাতে যাওয়া, একটি বইয়ের কয়েক পৃষ্ঠা পড়া কিংবা নতুন কিছু শেখা—এসবও অর্জন। নিজের প্রচেষ্টাকে মূল্য দিতে শেখ।
এসএসসির পরের সময়টি জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। কোন বিভাগে পড়বে, কোথায় ভর্তি হবে কিংবা ভবিষ্যতে কী হতে চাও—এসব সিদ্ধান্ত এখন ধীরে ধীরে সামনে আসবে। একটি খাতা নিয়ে নিজের চ্যালেঞ্জগুলো লিখে ফেলো। তারপর প্রতিটির পাশে সম্ভাব্য সমাধান বা করণীয় লিখে রাখো। বড় কোনো লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করলে তা অনেক সহজ মনে হয়। পরিকল্পনা থাকলে অনিশ্চয়তাও কমে যায়।
একটি বিষয়ে কম নম্বর পাওয়ার অর্থ এই নয় যে তুমি অযোগ্য। হয়তো তোমার লেখার দক্ষতা ভালো, হয়তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, কিংবা সৃজনশীল কোনো কাজে তুমি অন্যদের চেয়ে এগিয়ে। নিজের শক্তিগুলো লিখে রাখো এবং সেগুলো আরও উন্নত করার পরিকল্পনা করো। একই সঙ্গে দুর্বলতাগুলোও চিহ্নিত করো, তবে সেগুলো নিয়ে হতাশ না হয়ে উন্নতির পথ খোঁজো।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি বিষয় লিখে রাখো, যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। বিষয়গুলো খুব সাধারণও হতে পারে—মায়ের রান্না, বন্ধুর ফোন কিংবা বিকেলের বৃষ্টি।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত কৃতজ্ঞতা চর্চা উদ্বেগ কমায় এবং ইতিবাচক চিন্তাভাবনা বাড়ায়। ফলাফলের অপেক্ষার এই সময়ে এটি মানসিক স্বস্তি এনে দিতে পারে।
প্রতিদিন ১০টি নতুন আইডিয়া লেখার অভ্যাস গড়ে তুলতে পারো। বিষয় যেকোনো কিছু হতে পারে—নিজের এলাকা উন্নয়ন, নতুন ব্যবসার ধারণা বা কোনো গল্পের ভিন্ন সমাপ্তি। সব আইডিয়া বাস্তবসম্মত বা অসাধারণ হতে হবে না। মূল উদ্দেশ্য হলো চিন্তার পরিধি বাড়ানো এবং সৃজনশীলভাবে ভাবার অভ্যাস তৈরি করা। ভবিষ্যতে এই দক্ষতা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে।
ওপরের অভ্যাসগুলো থেকে যেকোনো একটি দিয়ে শুরু করো। সেটি অভ্যাসে পরিণত হলে আরেকটি যোগ করো। ধীরে ধীরে তুমি সেই মানুষটির দিকে এগিয়ে যাও, যাকে তুমি ভবিষ্যতে দেখতে চাও—একটু একটু করে, প্রতিদিন।

আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ কর্মসূচি ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বিশ্বের ১৮৩টি দেশের যোগ্য প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
তাদের উদ্ভাবিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
১২ ঘণ্টা আগে
ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়।
১৩ ঘণ্টা আগে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং ঢাকা
১৪ ঘণ্টা আগে