Ajker Patrika

গবেষণায় সাহিত্য পর্যালোচনা, এআই যেভাবে ব্যবহার করবেন

মো. জুবায়েদ হোসাইন
গবেষণায় সাহিত্য পর্যালোচনা, এআই যেভাবে ব্যবহার করবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে একাডেমিক গবেষণার অপরিহার্য অংশ লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনায় এটি গবেষকদের কাজ সহজ ও গতিশীল করছে। আগে নির্দিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক গবেষণাপত্র খোঁজা, মূল বক্তব্য শনাক্ত করা এবং গবেষণার ঘাটতি নির্ধারণে দীর্ঘ সময় লাগত। এখন এআইভিত্তিক বিভিন্ন টুলস এসব কাজে সহায়তা করছে। তবে প্রশ্ন হলো, এআই কি কেবল গবেষণার সহকারী হবে, নাকি গবেষকের হয়ে সাহিত্য পর্যালোচনাও লিখবে?

সাহিত্য পর্যালোচনায় এআইয়ের ব্যবহার

মানসম্মত সাহিত্য পর্যালোচনা শুধু পূর্ববর্তী গবেষণার সারসংক্ষেপ নয়। এতে গবেষণার ফল, তাত্ত্বিক অবস্থান, পদ্ধতিগত সীমাবদ্ধতা ও পারস্পরিক সম্পর্কের সমালোচনামূলক বিশ্লেষণ থাকতে হয়। এআই প্রাসঙ্গিক গবেষণাপত্র অনুসন্ধান, তথ্য সংগ্রহ, বিষয়ভিত্তিক শ্রেণিবিন্যাস এবং সম্ভাব্য রিসার্চ গ্যাপ শনাক্ত করতে সহায়তা করে।

এ কাজে বিভিন্ন টুলের ব্যবহার বেশ কার্যকর। ইলিসিট গবেষণাপত্র খোঁজা, তথ্য সংগ্রহ ও লিটারেচার ম্যাট্রিক্স তৈরিতে সাহায্য করে। কনসেনসাস নির্দিষ্ট বিষয়ে পূর্ববর্তী গবেষণার ফল বুঝতে সহায়তা করে। রিসার্চ র‍্যাবিট প্রাসঙ্গিক গবেষণাপত্র ও গবেষক খুঁজে দেয়। কানেক্টেড পেপারস গবেষণাগুলোর মধ্যে সম্পর্ক দৃশ্যমান করে। নোটবুকএলএম একাধিক গবেষণাপত্র বিশ্লেষণ, সারসংক্ষেপ তৈরি ও ফল তুলনায় কাজে আসে। সাইট কোনো গবেষণার ফল পরবর্তী গবেষণায় সমর্থিত হয়েছে, নাকি বিরোধিতার মুখে পড়েছে, তা বুঝতে সাহায্য করে।

অন্যদিকে, চ্যাটজিপিটি সাহিত্য পর্যালোচনার কাঠামো সাজানো, যুক্তির দুর্বলতা শনাক্ত ও সম্ভাব্য গবেষণার ঘাটতি নিয়ে চিন্তাভাবনায় সহায়তা করতে পারে। গ্রামারলি একাডেমিক লেখার ভাষা ও ব্যাকরণ সংশোধনে কার্যকর। জোটেরো এআই না হলেও তথ্যসূত্র ও সাইটেশন ব্যবস্থাপনায় অত্যন্ত উপযোগী।

লেখার দায়িত্ব গবেষকেরই

সাহিত্য পর্যালোচনার মূল শক্তি গবেষকের নিজস্ব বিশ্লেষণ, যুক্তি ও সমালোচনামূলক চিন্তায়। এআই তথ্য সাজিয়ে দিতে পারে, কিন্তু কোন গবেষণার ফল কতটা নির্ভরযোগ্য, কোন তত্ত্ব বর্তমান গবেষণার সঙ্গে বেশি প্রাসঙ্গিক এবং কোথায় নতুন জ্ঞান সৃষ্টির সুযোগ রয়েছে, তা বিচার করতে হয় গবেষককেই।

এআই দিয়ে সম্পূর্ণ সাহিত্য পর্যালোচনা লিখিয়ে নিলে ভাষা সুন্দর হলেও গভীর বিশ্লেষণের ঘাটতি থাকতে পারে। এতে গবেষণার মৌলিকতা ও বুদ্ধিবৃত্তিক অবদান দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। কারণ, সাহিত্য পর্যালোচনা কেবল তথ্য উপস্থাপন নয়; বরং পূর্ববর্তী গবেষণার সঙ্গে নিজের গবেষণার যুক্তিনির্ভর সংযোগ তৈরি করা।

একাডেমিক সততা ও স্বচ্ছতা

গবেষণায় এআই ব্যবহারের ক্ষেত্রে একাডেমিক সততা বজায় রাখা জরুরি। এআইয়ের তৈরি লেখা যাচাই না করে নিজের গবেষণা হিসেবে উপস্থাপন করলে ভুল তথ্য, বিভ্রান্তিকর উদ্ধৃতি ও গবেষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এআই ব্যবহার মানেই একাডেমিক অসততা নয়। কী উদ্দেশ্যে, কতটুকু এবং কোন নীতিমালা অনুসরণ করে এটি ব্যবহার করা হচ্ছে, সেটিই মুখ্য।

ভাষা সম্পাদনা, ব্যাকরণ সংশোধন ও লেখার কাঠামো উন্নত করতে এআইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। তবে মূল বিশ্লেষণ, যুক্তি নির্মাণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব গবেষকেরই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও জার্নালের এআই ব্যবহারের নীতিমালা মেনে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা উচিত।

এআই গবেষণা সহকারী, লেখক নয়

সাহিত্য পর্যালোচনার প্রাণ হলো ক্রিটিক্যাল থিংকিং ও সিনথেসিস। দুটি গবেষণার ফল কেন ভিন্ন, কোন পদ্ধতি বেশি গ্রহণযোগ্য কিংবা বিদ্যমান জ্ঞানে কোথায় অসংগতি রয়েছে, তা নির্ধারণে গবেষকের নিজস্ব চিন্তাশক্তি অপরিহার্য। এআই সম্ভাব্য সীমাবদ্ধতা চিহ্নিত করতে পারলেও সেগুলোর যথার্থতা যাচাই করতে মূল গবেষণাপত্র ও প্রমাণ পর্যালোচনা করতে হবে।

তাই গবেষণায় কার্যকর নীতি হতে পারে ‘হিউম্যান-লেড, এআই-অ্যাসিস্টেড রিসার্চ’। অর্থাৎ গবেষণার পরিকল্পনা, সাহিত্য নির্বাচন, বিশ্লেষণ, যুক্তি নির্মাণ ও চূড়ান্ত লেখার নেতৃত্ব থাকবে মানুষের হাতে। এআই ব্যবহৃত হবে অনুসন্ধান, তথ্য সংগঠন ও সম্পাদনার সহায়ক হিসেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার গতি বাড়াতে পারে, সময় বাঁচাতে পারে। কিন্তু গবেষণার প্রকৃত মূল্য নির্ভর করে মৌলিক চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ ও নতুন জ্ঞান সৃষ্টির সক্ষমতার ওপর। তাই সাহিত্য পর্যালোচনায় এআইয়ের ব্যবহার হওয়া উচিত গবেষকের দক্ষতা বাড়ানোর জন্য, তাঁর চিন্তাশক্তি ও লেখকসত্তাকে প্রতিস্থাপনের জন্য নয়। প্রযুক্তি পথ সহজ করবে, কিন্তু গবেষণার দিকনির্দেশনা নির্ধারণ করবেন গবেষক নিজেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত