রাজধানীর সাতটি কলেজে শিক্ষার্থীদের সেবামূলক কাজ সহজীকরণের লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপন করা ডেস্কে গিয়ে একাডেমিক ও প্রশাসনিক যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান পাবেন। ঈদুল আজহার ছুটির পর এ উদ্যোগ দৃশ্যমান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বুধবার (৩ জুন) সদ্য নিয়োগপ্রাপ্ত ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হেল্প ডেস্ক চালুর বিষয়ে জানানো হয়েছে। সাত কলেজে নতুন প্রশাসকের এ উদ্যোগ প্রতিটি কলেজ কর্তৃপক্ষ নিজ ক্যাম্পাসে বাস্তবায়ন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের শিক্ষার্থীরা একাডেমিক সংক্রান্ত সকল কার্যাবলীর (ভর্তি, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন, সাময়িক সনদপত্র ও সনদপত্র) জন্য প্রায়ই কোনো না কোনো কলেজের শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় যেতে হয়। অনেক সময় ওই শিক্ষার্থীকে আক্ষরিক বা দাপ্তরিক ত্রুটির জন্য কাঙ্ক্ষিত সেবা পেতে অসুবিধা হয়।
এ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সেবা নিজ প্রতিষ্ঠানে থেকে প্রাপ্তির জন্য ও বর্ণিত বিষয়টি বিবেচনাপূর্বক সকল শিক্ষার্থীকে সেবামূলক কাজ সহজীকরণের লক্ষ্যে একটি হেল্প ডেস্ক স্থাপন জরুরি। বিজ্ঞপ্তিতে প্রত্যেক কলেজের উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠতম শিক্ষকের তত্ত্বাবধানে একটি হেল্প ডেস্ক স্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুহিন আলম বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে সেবা নিতে গিয়ে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। সেখানে নিজের প্রাপ্য সেবাটুকু তো মিলতোই না, উল্টো তাদের কর্তৃপক্ষের ভুলের জন্যও আমাদের ভুগতে হয়েছে।
তুহিন বলেন, আমাদের জন্য এখন নতুন প্রশাসক নিয়োগ হয়েছে। এ প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। নতুন প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা হয়তো এ ডেস্ক পেতে যাচ্ছি। এটা প্রশংসনীয় উদ্যোগ। এ উদ্যোগ কার্যকর করা গেলে আমাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। এটা দ্রুত দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে।
হেল্প ডেস্কের বিষয়ে অধ্যাপক ইলিয়াস আজকে পত্রিকাকে বলেন, ঈদের ছুটির পর থেকে হেল্প ডেস্কের কার্যক্রম দৃশ্যমান হবে। এরপর আমরা প্রতিটি কলেজে এ ডেস্কের কার্যক্রম তদারকি করবো। যে উদ্দেশ্যে এ ডেস্ক স্থাপন করা হচ্ছে, সেটা যেন কার্যকর করা যায়। এটা কার্যকর করা গেলে পূর্বে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক যেসব জটিলতার মধ্যে পড়তেন, সেটা অনেকটাই কেটে যাবে। তাদের সমস্যা নিয়ে নিজ ক্যাম্পাস থেকে আর বাইরে আসতে হবে না, নিজ ক্যাম্পাসের এ ডেস্কের মাধ্যমে নির্দিষ্ট সমস্যার সমাধান পাওয়া যাবে।
এর আগে, গত ১৮ মে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে সাতটি সরকারি কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হতে পৃথকীকরণের জন্য সম্প্রতি গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর ৭টি সরকারি কলেজের শিক্ষা/ভর্তি কার্যক্রম চলমান রাখা ও উক্ত কলেজসমূহের জন্য বিকল্প একটি স্বতন্ত্র/উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের প্রক্রিয়া তরান্বিত করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, অধ্যাপক ইলিয়াসকে শর্তসাপেক্ষে তাঁর মূল পদের অতিরিক্ত দায়িত্ব পালনের নিমিত্ত সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৮ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন উচ্চশিক্ষা প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া বর্তমানে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। প্রথমত, এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয়ত, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান...
১৭ ঘণ্টা আগে
মাথার ওপরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা। আর নিচে বাতাসের দোলায় দুলছে সাদা কাশফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়ে এই দৃশ্য। লালমাটির বুকে সাদা কাশের শিষ যেন আমাদের শরতের বার্তা জানিয়ে দিচ্ছে।
১৭ ঘণ্টা আগে