
সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের তিনটি কমিটির মাধ্যমে বদলির বিধান রেখে নতুন নীতিমালা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের এবং অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সহযোগী অধ্যাপকদের বদলি বা পদায়ন করা হবে।
আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে অধিদপ্তর, বিভিন্ন দপ্তর ও সংস্থায় এবং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের বদলি বা পদায়নের বিধান রাখা হয়েছে।
আজ সোমবার নতুন এ নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নীতিমালা অনুযায়ী, সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলি বা পদায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং সংশ্লিষ্ট জেলার এডিসি (শিক্ষা)। ওই অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
এ কমিটি দপ্তর ও সংস্থার পদ ছাড়া সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলি ও পদায়নের আবেদন যাচাই-বাছাই করে আদেশ জারি করবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে সরকারি কলেজের সহযোগী অধ্যাপকদের বদলি-পদায়নের কমিটির সদস্য হিসেবে থাকবেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ)।
অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ) এ কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। এ কমিটি ঢাকা মহানগর, দপ্তর, সংস্থার পদ ছাড়া কলেজগুলোতে সহযোগী অধ্যাপক পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করবে।
বিভিন্ন দপ্তর ও সংস্থার পদ, কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের বদলি-পদায়নের আবেদন নিষ্পত্তির দায়িত্ব দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য হিসেবে থাকবেন বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ও যুগ্ম সচিব (কলেজ)। এ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব (কলেজ)।
এ কমিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, অন্যান্য দপ্তর ও সংস্থার সব পদে এবং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের বদলি-পদায়নসংক্রান্ত আবেদন যাচাই-বাছাই করে বদলি-পদায়নের আদেশ জারি করবে।
নীতিমালায় বলা হয়েছে, প্রভাষকেরা চাকরির দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির আবেদন করতে পারবেন না। সে সঙ্গে অন্য শিক্ষক-কর্মকর্তারা একই কর্মস্থলে দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির আবেদন করতে পারবেন না।
তবে কোনো গুরুতর শারীরিক, মানসিক বা পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে দুই বছর পূর্ণ হওয়ার আগে তাঁরা বদলির আবেদন করতে পারবেন। যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে।
স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বা নিকটতম শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির জন্য শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আবেদন করতে পারবেন। সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
অবসরের প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো শিক্ষা ক্যাডার কর্মকর্তা বদলির জন্য আবেদন করলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। বদলির আবেদন মূল্যায়নে আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত সমস্যা, আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের দুরারোগ্য অসুস্থতা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব ইত্যাদি বিষয়ে বিবেচনা করা হবে।

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যদের দায়িত্ব দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
অধ্যাপক মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের সাবেক অধ্যাপক। বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন...
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি নারী হলের শিক্ষার্থীদের একাংশ হল প্রশাসনের বিভিন্ন বৈষম্যমূলক নিয়মের অবসান এবং নারী শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে তিন দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দিয়েছেন।
২ ঘণ্টা আগে
আজ সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।
৪ ঘণ্টা আগে