Ajker Patrika

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: কৌশলী পড়াশোনাই সাফল্যের চাবিকাঠি

সুরাইয়া ফেরদৌস ঋতু
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: কৌশলী পড়াশোনাই সাফল্যের চাবিকাঠি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন। কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে, কোথায় বেশি সময় দিতে হবে এবং কীভাবে নিজের ভুলগুলো শুধরে নিতে হবে, সাফল্যের জন্য তা জানা জরুরি।

জীববিজ্ঞানে বেশি সময় দিন

মেডিকেল ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে ভালো প্রস্তুতি ভর্তি পরীক্ষায় অনেকটাই এগিয়ে রাখে। তাই জীববিজ্ঞানের প্রস্তুতি হতে হবে গভীর ও পরিপূর্ণ। এ ক্ষেত্রে মূল বই পড়ার কোনো বিকল্প নেই। সব লেখকের বই একসঙ্গে শেষ করার চেষ্টা করলে পড়াশোনায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে; বরং একজন লেখকের বই ভালোভাবে পড়ার পাশাপাশি অন্য লেখকদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো দেখে নেওয়া যেতে পারে। এতে একই বিষয় বিভিন্নভাবে অনুশীলনের সুযোগ তৈরি হবে এবং প্রশ্নের ধরনও আয়ত্তে আসবে।

মূল বইয়ের প্রতিটি তথ্য, সংজ্ঞা, চিত্র ও পার্থক্য ভালোভাবে বুঝে পড়তে হবে। শুধু মুখস্থ না করে কোন তথ্য কোথায় এবং কীভাবে এসেছে, সেটিও মনে রাখার চেষ্টা করতে হবে।

পদার্থবিজ্ঞান-রসায়নে অনুশীলন জরুরি

পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্ষেত্রে মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন এবং অনুশীলনীর প্রশ্নে জোর দিতে হবে। পাশাপাশি বিভিন্ন লেখকের বইয়ের অনুশীলনী থেকে যত বেশি সম্ভব প্রশ্ন সমাধান করা যেতে পারে। অনেক সময় ভর্তি পরীক্ষার প্রশ্নের সঙ্গে অনুশীলনীর প্রশ্নের মিল পাওয়া যায়। তবে শুধু প্রশ্ন সমাধান করলেই হবে না, ভুল হলে কেন ভুল হয়েছে, সেটিও খুঁজে বের করতে হবে। এতে একই ধরনের ভুল আবার হওয়ার আশঙ্কা কমবে।

গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে ক্যালকুলেটরের ওপর নির্ভর করার সুযোগ নেই। তাই এখন থেকে দ্রুত হিসাব করার অভ্যাস করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত দীর্ঘ ও জটিল হিসাবের চেয়ে তুলনামূলক ছোট হিসাবের প্রশ্ন বেশি থাকে। দ্রুত হিসাব, আনুমানিক মান নির্ণয় এবং সহজ সূত্র প্রয়োগের কৌশল রপ্ত করতে পারলে পরীক্ষার হলে মূল্যবান সময় বাঁচানো সম্ভব।

ইংরেজি ও সাধারণ জ্ঞানে পুরোনো প্রশ্ন সহায়ক

ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রস্তুতিতে বিগত বছরের মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নকে গুরুত্ব দেওয়া উচিত। কোন ধরনের প্রশ্ন বারবার এসেছে এবং কোন বিষয়গুলো বেশি এসেছে, পুরোনো প্রশ্ন বিশ্লেষণ করলে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর পাশাপাশি বিসিএসের বিগত বছরের প্রশ্ন সমাধান করাও কার্যকর হতে পারে। বিসিএসের প্রশ্নে ইংরেজি ও সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় উঠে আসে। নিয়মিত এসব প্রশ্ন সমাধান করলে একসঙ্গে অনেক বিষয় অনুশীলন করা সম্ভব। তবে শুধু উত্তর মুখস্থ করলে হবে না, প্রতিটি প্রশ্নের পেছনের বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। একটি প্রশ্নের উত্তর জানা যেমন দরকার, তেমনি সেই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত তথ্যও জানা উচিত।

বেশি পড়া নয়, কৌশলী হওয়া চাই

মেডিকেল ভর্তি পরীক্ষা মানেই প্রতিযোগিতা, দীর্ঘ প্রস্তুতি ও মানসিক চাপ। শেষ সময়ে এসে অনেক শিক্ষার্থী পড়ার পরিমাণ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এ সময়ে গৎবাঁধা পড়াশোনার চেয়ে কৌশলী প্রস্তুতি বেশি কার্যকর হতে পারে।

যে বিষয়গুলো ভালোভাবে জানা আছে, সেগুলো বারবার পড়ার পাশাপাশি দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে হবে। নিজের প্রস্তুতির একটি তালিকা তৈরি করা যেতে পারে। কোন অধ্যায় ভালো হয়েছে, কোনটি মাঝারি এবং কোনটি এখনো দুর্বল, তা চিহ্নিত করে নিতে হবে। এরপর দুর্বল অধ্যায়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। তবে কৌশলী প্রস্তুতি মানে পরিশ্রম কমিয়ে দেওয়া নয়। সীমিত সময়কে সঠিকভাবে কাজে লাগানোই এর উদ্দেশ্য।

নিয়মিত পরীক্ষা দিন

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস খুবই উপকারী। শুধু পড়লেই হবে না, পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থানও যাচাই করতে হবে। প্রতিটি মডেল টেস্টের পর ভুল হওয়া প্রশ্নগুলো আলাদা করে রাখতে হবে। কেন ভুল হয়েছে, অসাবধানতার কারণে, তথ্য না জানার কারণে নাকি সময়ের চাপে, তা খুঁজে বের করা জরুরি। একই ভুল দ্বিতীয়বার না করার জন্য এসব প্রশ্ন বারবার অনুশীলন করতে হবে। নিয়মিত পরীক্ষা দেওয়ার আরেকটি সুবিধা হলো, পরীক্ষাভীতি কমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন শেষ করার অভ্যাস তৈরি হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং ধীরে ধীরে নিজের ওপর আত্মবিশ্বাসও তৈরি হয়।

পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখুন

অনেক শিক্ষার্থী সবকিছু পড়েও পরীক্ষার হলে অতিরিক্ত চাপ, তাড়াহুড়া কিংবা একটি কঠিন প্রশ্নে বেশি সময় দেওয়ার কারণে ভুল করে বসে। তাই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথমে সহজ প্রশ্নগুলো দ্রুত উত্তর করে আত্মবিশ্বাস তৈরি করা যেতে পারে। কোনো কঠিন প্রশ্নে আটকে গেলে সেটি পরে করার কৌশলও কাজে লাগতে পারে। সবচেয়ে জরুরি হলো সময়ের সঠিক ব্যবহার এবং প্রতিটি উত্তরের আগে সতর্ক থাকা। প্রস্তুতির পুরো সময়টায় লক্ষ্য স্থির রাখতে হবে। অন্যের পড়াশোনার সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা করে হতাশ হওয়ার কারণ নেই। নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। মেডিকেলে সুযোগ পাওয়া কঠিন, তবে অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, ধারাবাহিক পরিশ্রম, নিয়মিত পরীক্ষা এবং ভুল থেকে শেখার মানসিকতা থাকলে এই কঠিন পথ অনেকটাই সহজ হয়ে উঠতে পারে।

শেষ পর্যন্ত পরীক্ষার হলে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। নিজের প্রস্তুতির সর্বোচ্চ প্রয়োগ করুন। একটি সঠিক সিদ্ধান্ত যেমন স্বপ্নের দরজা খুলে দিতে পারে, তেমনি সামান্য অসতর্কতাও হতাশার কারণ হতে পারে। তাই শেষ সময়টুকু হোক হিসাবি, মনোযোগী ও আত্মবিশ্বাসী। লক্ষ্য থাকুক মেডিকেল। প্রস্তুতি হোক পরিকল্পিত। পরিশ্রম হোক নিরবচ্ছিন্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত