Ajker Patrika

গুচ্ছ ভর্তিতে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৩
গুচ্ছ ভর্তিতে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটির পাশাপাশি টেকনিক্যাল, ক্রয়, অর্থসহ বিভিন্ন কমিটি গঠন করা হবে। এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

জানতে চাইলে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির সহ-আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের সভায় মূল কমিটি গঠন করা হয়েছে। শিগগির মূল কমিটির সভা হবে। সেখানে পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আগেরবারের মতো এবারও ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। এর সঙ্গে ইউজিসির অনুমোদন সাপেক্ষে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।’

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত