উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশের মাটিতে পা রাখার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নতুন দুয়ার খুলে দিল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘আরটিপি স্টাইপেন্ড স্কলারশিপ’-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। অস্ট্রেলিয়া সরকার এবং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি গবেষণার সুযোগ পাবেন।
অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ এবং আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিশ্বজুড়ে সমাদৃত। ১৯টির বেশি ক্যাম্পাস নিয়ে বিস্তৃত এ বিশ্ববিদ্যালয় মূলত তার অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা, গবেষণার মান এবং গ্র্যাজুয়েটদের চমৎকার কর্মসংস্থানের সুযোগের জন্য পরিচিত। বাস্তবমুখী শিক্ষা এবং ইন্ডাস্ট্রি-লিঙ্কড গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বা ‘ফুল ফান্ডেড’ প্রোগ্রাম। অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, থাকার খরচ এবং আনুষঙ্গিক প্রায় সব ব্যয় বহন করবে অস্ট্রেলিয়া সরকার। যাঁরা কোনো আর্থিক দুশ্চিন্তা ছাড়াই বিশ্বমানের পরিবেশে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান, তাঁদের জন্য এটি বছরের অন্যতম সেরা সুযোগ।
নির্বাচিত শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রতিবছর ৩৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকার বেশি) উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া থাকছে অসুস্থতাকালীন ছুটির জন্য ‘পেইড সিক লিভ’ বা চিকিৎসা সহায়তার বিশেষ তহবিল। গবেষণার কাজের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম বা ফিল্ড ওয়ার্কের জন্য আলাদা রিসার্চ ফান্ড বা গবেষণার তহবিল দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
বৃত্তিটির জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় নাগরিকসহ বাংলাদেশ ও বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যাঁরা মাস্টার্স বাই রিসার্চ বা এমফিল প্রোগ্রামে ভর্তি হতে চান, তাঁদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পর্যায়ে ন্যূনতম প্রথম বা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে পিএইচডি গবেষণার ক্ষেত্রে আবেদনকারীর পূর্ববর্তী গবেষণায় যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় তথ্য
আগ্রহী প্রার্থীদের সব একাডেমিক কাগজপত্র, অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সার্টিফিকেট ও মার্কশিট প্রস্তুত রাখতে হবে। ট্রান্সক্রিপ্টগুলো অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক যাচাই করা ও অফিশিয়াল স্ট্যাম্পযুক্ত হতে হবে। যেখানে গ্রেডিং পয়েন্টের বিস্তারিত উল্লেখ থাকবে। এ ছাড়া প্রার্থীর শিক্ষাগত ও ব্যক্তিগত অর্জনের বিবরণসংবলিত একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং গবেষণার পরিকল্পনা বা ‘রিসার্চ প্রপোজাল’ জমা দেওয়া বাধ্যতামূলক। পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে মাস্টার্সের থিসিস বা কোনো স্বীকৃত প্রকাশনা থাকলে সেটিও দাখিল করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর যোগ্যতার প্রমাণ হিসেবে দুজন শিক্ষকের সুপারিশপত্র জমা দিতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও আইন, প্রকৌশল ও প্রযুক্তি এবং শিক্ষা ও কলা অনুষদের বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ ছাড়া মানববিদ্যা, স্বাস্থ্য ও সমাজবিজ্ঞান, চিকিৎসা ও ফলিতবিজ্ঞান এবং নার্সিং ও মিডওয়াইফারি-সংক্রান্ত বিষয়গুলোতেও গবেষণার বিস্তৃত সুযোগ রয়েছে। আধুনিক বিশ্বের চাহিদার কথা মাথায় রেখে সাজানো এ বিষয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করে এই বিশ্ববিদ্যালয়টি।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৬।

দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন; কিন্তু একটিতেও সুযোগ পাননি। সেই ব্যর্থতার বেদনাই তার হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর সেই শিক্ষা থেকে ঘুরে দাঁড়ানো আজকের আসিফ মোক্তাদির বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে স্বাস্থ্যনীতি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন।
২১ মিনিট আগে
উপমহাদেশে শিক্ষার ইতিহাসে কিছু প্রতিষ্ঠান সময়ের সীমানা পেরিয়ে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। রাজশাহী কলেজ তেমনই এক গৌরবময় নাম। কলেজটি অতীতের সংগ্রাম, ঐতিহ্যের গৌরব আর আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
‘বই হচ্ছে মস্তিষ্কের সন্তান’—বিখ্যাত এই উক্তি আয়ারল্যান্ডের জনপ্রিয় লেখক জনাথন সুইফটের। বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তাশক্তি, কল্পনাশক্তি আর মেধার বিকাশ ঘটে। মানসিক প্রশান্তি, আত্মিক উৎকর্ষ এবং জ্ঞানার্জনের ক্ষেত্রেও বইয়ের গুরুত্ব অপরিসীম।
২ ঘণ্টা আগে
তারুণ্যের শক্তিকে সমাজকল্যাণের কাজে ব্যবহার করার লক্ষ্য নিয়ে ‘পাঠকবন্ধু’ বরিশাল জেলা শাখার উদ্যোগে সম্প্রতি এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
২ ঘণ্টা আগে