Ajker Patrika

এইচএসসি পরীক্ষা: শেষ সময়ের প্রস্তুতি ও কৌশল

সহায়িকা ডেস্ক
এইচএসসি পরীক্ষা: শেষ সময়ের প্রস্তুতি ও কৌশল
মো. সুলতান মাহমুদ। ছবি: সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষা সামনে রেখে শেষ মুহূর্তে অনেকের মধ্যে ভয়, উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়। তবে সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং মানসিক দৃঢ়তা থাকলে এই সময়টাকেই সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। এইচএসসি পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি ও পরীক্ষা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসের মৎস্য ক্যাডার মো. সুলতান মাহমুদ।

মানসিক প্রস্তুতি

■ এইচএসসি পরীক্ষার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। প্রস্তুতি কম বা বেশি—যাই হোক না কেন, আত্মবিশ্বাস হারানো যাবে না। কারণ সহজ প্রশ্ন এলে সবাই উত্তর দিতে পারবে। কিন্তু যিনি গুছিয়ে, পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবেন তিনিই এগিয়ে থাকবেন। আবার প্রশ্ন কঠিন হলে সবার অবস্থান কাছাকাছি হয়ে যায়। তখন শান্ত থাকা শিক্ষার্থীই ভালো ফল করে।

■ মূল বিষয় হলো আপনি যতটুকু জানেন, তা সঠিকভাবে উপস্থাপন করার দক্ষতা অর্জন করা।

■ পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়া/ অপ্রয়োজনীয় আলোচনা কমিয়ে নিজের ওপর ফোকাস রাখুন।

শেষ সময়ের প্রস্তুতি

■ শেষ কয়েক দিনে নতুন কিছু শেখার চেয়ে আগে পড়া বিষয়গুলো ঝালিয়ে নেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

■ গুরুত্বপূর্ণ অধ্যায় ও বারবার আসা বোর্ড প্রশ্নগুলো অগ্রাধিকার দিন।

■ শর্ট নোট, ফর্মুলা ও গ্রামারের নিয়ম নিয়মিত রিভিশন করুন।

■ প্রতিদিন এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন লেখার অনুশীলন রাখুন।

■ সময় ধরে মডেল টেস্ট দিয়ে নিজের

প্রস্তুতি যাচাই করুন।

■ দুর্বল বিষয়ে বেশি সময় দিন। তবে শক্ত বিষয় একদম বাদ দেবেন না।

■ স্মার্ট রিভিশনই এই সময়ের সবচেয়ে বড় অস্ত্র।

■ প্রতিদিন অন্তত এক-দুটি সাবজেক্ট ফুল রিভিশন সাইকেল করার চেষ্টা করুন।

কার্যকর দৈনিক রুটিন

■ সঠিক রুটিন অনুসরণ করুন।

■ সকাল: কঠিন বিষয় (গণিত/পদার্থ/ হিসাববিজ্ঞান/অর্থনীতি)

■ বিকেল: এমসিকিউ + লিখিত অনুশীলন

■ রাত: শর্ট নোট ও ফর্মুলা রিভিশন

■ ঘুম: প্রতিদিন ৬-৭ ঘণ্টা নিশ্চিত করুন।

পরীক্ষা হলের কৌশল

■ পরীক্ষার হলে সঠিক কৌশল প্রয়োগ করাই ভালো ফলের অন্যতম শর্ত।

■ পরীক্ষার ৩০ মিনিট আগে হলে উপস্থিত থাকুন

■ প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল সম্পন্ন করুন

■ প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ২-৩ মিনিট সময় নিয়ে ভালোভাবে পড়ে নিন

■ পরিকল্পনা করে লেখা শুরু করুন

■ ওএমআর শিট পূরণে সতর্ক থাকুন

সময় ব্যবস্থাপনা

পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। সহজ প্রশ্নে অতিরিক্ত সময় ব্যয় করবেন না। সব প্রশ্নে সমান গুরুত্ব দিন, শেষে ৫-১০ মিনিট হাতে রেখে খাতা রিভিউ করুন।

উত্তরপত্রে লেখার কৌশল

উত্তরের মান উন্নত করতে কিছু কৌশল অনুসরণ করা জরুরি। প্রতিটি উত্তরে সংক্ষিপ্ত ভূমিকা ও উপসংহার দিন। লেখা পরিষ্কার, পরিপাটি ও সুবিন্যস্ত রাখুন। প্রথম প্রশ্ন ভালো লিখলেও শেষের দিকে মান কমাবেন না। সব প্রশ্নে একই মান বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজন হলে ডায়াগ্রাম বা পয়েন্ট ব্যবহার করুন (বিশেষ করে বিজ্ঞান বিষয়গুলোয়)। কোনো প্রশ্ন ফাঁকা রাখা যাবে না। আংশিক জানা থাকলেও লিখতে হবে, শেষ পর্যন্ত কলম চালিয়ে যেতে হবে। এ ছাড়া প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখতে ভুল করবেন না।

বিরত থাকতে হবে

শেষ মুহূর্তে নতুন বা জটিল টপিক শুরু করা। অতিরিক্ত চাপ নিয়ে ঘুম কমিয়ে ফেলা। অন্যদের সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা করা। পরীক্ষার আগের রাতে অতিরিক্ত পড়াশোনা করে ক্লান্ত হয়ে যাওয়া।

অভিভাবকদের করণীয়

এই গুরুত্বপূর্ণ সময়ে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা। অতিরিক্ত চাপ না দিয়ে তাদের উৎসাহিত করা। ঘরের পরিবেশ শান্ত ও সহায়ক রাখা। সর্বোপরি তাদের পাশে থাকা এবং সাহস জোগানো। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ ও দেশের ভবিষ্যৎ।

শেষ সময়ে বেশি পড়া নয়, বরং সঠিকভাবে পড়াটাই সফলতার চাবিকাঠি। আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল প্রস্তুতি—এই তিনটি বিষয় মেনে চলতে পারলে ভালো ফল অর্জন করা সম্ভব। সফলতা আপনার অপেক্ষায়, শুধু প্রয়োজন সঠিক কৌশল ও দৃঢ় মনোভাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত