Ajker Patrika

জার্মানিতে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

শিক্ষা ডেস্ক
আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮: ০৯
জার্মানিতে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

যেসব শিক্ষার্থী এখনো জার্মান বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সুযোগ পাননি, কিন্তু ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে জার্মানিতে যেতে চান, তাঁরা স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীরা জার্মানিতে প্রবেশ করে কোনো বিশ্ববিদ্যালয়, প্রস্তুতিমূলক কোর্স বা অধ্যয়ন কার্যক্রমে ভর্তির প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। এই ভিসা পাওয়ার অন্যতম প্রধান শর্ত হলো জার্মানিতে অবস্থানকালে নিজের ভরণপোষণের জন্য পর্যাপ্ত ‘ফিন্যান্সিয়াল রিসোর্স’ প্রমাণ করা। পাশাপাশি আবেদনকারীকে প্রমাণ করতে হবে, তাঁর কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।

স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট ভিসা কী?

এই ভিসা মূলত তাঁদের জন্য, যাঁরা জার্মানিতে পড়াশোনা করতে চান। তবে এখনো চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত হননি। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা দেশটিতে অবস্থান করে ভর্তি পরীক্ষা, সাক্ষাৎকার, ভাষা কোর্স বা ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। জার্মানিতে পৌঁছানোর পর ভর্তির সুযোগ পেলে শিক্ষার্থীরা পড়াশোনার উদ্দেশে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীকে দুটি পূরণ করা জাতীয় ভিসা আবেদন ফরম এবং জার্মান ভিসা ফটো নির্দেশিকা অনুযায়ী দুটি সাম্প্রতিক বায়োমেট্রিক পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এ ছাড়া জার্মান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন—এ ধরনের তথ্যপ্রমাণ হিসেবে দাখিল করতে হবে। এই প্রমাণ হিসেবে নিম্নলিখিত যেকোনো একটি গ্রহণযোগ্য হবে:

  • বিশ্ববিদ্যালয় থেকে আসন বরাদ্দ বা আবেদনের অবস্থা নিশ্চিত করে প্রদত্ত গ্রহণপত্র।
  • কোনো অধ্যয়ন কার্যক্রমের জন্য আনুষ্ঠানিক রিজার্ভেশন পত্র।
  • বিশ্ববিদ্যালয়ে আবেদন সফলভাবে জমা হয়েছে মর্মে নিশ্চিতকরণ পত্র।
  • ভর্তির সিদ্ধান্তের জন্য আবেদনকারীর ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা আবশ্যক—এই মর্মে একটি সনদপত্র।
  • সাপ্তাহিক কমপক্ষে ১৮ ঘণ্টার ক্লাস সম্পন্ন, প্রস্তুতিমূলক কোর্স বা জার্মান ভাষা কোর্সে নিবন্ধনের প্রমাণ।
  • শিক্ষার মাধ্যমের ওপর নির্ভর করে আবেদনকারীকে জার্মান ‘আবিটুর’ (উচ্চমাধ্যমিক বা কলেজ সমাপনী পরীক্ষা ও সনদ)-এর সমমান একটি স্বীকৃত স্কুল সমাপনী সনদ এবং জার্মান বা ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণও জমা দিতে হবে।

আর্থিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ

জার্মান কর্তৃপক্ষ আর্থিক সামর্থ্যের প্রমাণকে আবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। আবেদনকারী নিম্নলিখিত উপায়ে আর্থিক সক্ষমতা প্রমাণ করতে পারবেন:

  • বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • বৃত্তি প্রাপ্তির পত্র
  • ব্লকড অ্যাকাউন্ট
  • জার্মানিতে বসবাসরত কোনো স্পনসরের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের ঘোষণাপত্র
  • অভিভাবকের সহায়তার ঘোষণাপত্র এবং এর সঙ্গে বিগত ছয় মাসের বেতন স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট
  • চাকরিতে কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে নিয়োগকর্তার কাছ থেকে ছুটি অনুমোদনের আনুষ্ঠানিক পত্রও জমা দিতে হবে।

অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • পূর্ববর্তী শিক্ষাগত সনদ ও ডিগ্রির কাগজপত্র
  • সম্পূর্ণ অবস্থানকাল কভার করে এমন স্বাস্থ্যবিমা
  • বৈধ পাসপোর্ট
  • পরিকল্পিত অবস্থানের জন্য আবাসনের প্রমাণ
  • ভিসা ফি পরিশোধের রসিদ, যা বর্তমানে ৭৫ ইউরো
  • জার্মান কর্তৃপক্ষ আবেদনের সঙ্গে জমা দেওয়া প্রতিটি মূল কাগজপত্রের দুটি করে ফটোকপিও চেয়ে থাকে।

জার্মানিতে পৌঁছানোর পর করণীয়

স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট ভিসায় জার্মানিতে প্রবেশ করার প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের স্থানীয় বাসিন্দা নিবন্ধন অফিসে তাঁদের ঠিকানা নিবন্ধন করতে হবে। ভিসার মেয়াদ বজায় রাখতে ভিসাধারীদের স্বাস্থ্যবিমা, আর্থিক সামর্থ্য এবং কোনো জার্মান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ দেখাতে বলা হতে পারে।

কেন আর্থিক প্রমাণ গুরুত্বপূর্ণ?

বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হলেও আর্থিক সামর্থ্যের প্রমাণই অধিকাংশ আবেদনকারীর জন্য কেন্দ্রীয় শর্ত হিসেবে বিবেচিত হয়। জার্মান কর্তৃপক্ষ নিশ্চিত হতে চায় যে শিক্ষার্থীরা অবস্থানকালে সরকারি তহবিলের ওপর নির্ভর না করেই নিজেদের জীবনযাত্রার ব্যয় মেটাতে সক্ষম। অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীর কাছে জার্মান স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট ভিসার আবেদনে পর্যাপ্ত অর্থের প্রমাণ দেওয়ার সবচেয়ে সহজলভ্য ও গ্রহণযোগ্য উপায় হিসেবে ‘ব্লকড অ্যাকাউন্ট’ বিবেচিত হয়।

সূত্র: ইকোনমিক টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত