Ajker Patrika

‘দেশের প্রায় ৬১ ভাগ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ পান না’

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫২
‘দেশের প্রায় ৬১ ভাগ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ পান না’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সুপেয় পানি—মৌলিক অধিকার নাকি বাণিজ্য’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

পানি সরবরাহ ও শুদ্ধিকরণে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা এবং সুপেয় পানির বাণিজ্যিকীকরণ কতটা যৌক্তিক—এসব বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে ‘সুপেয় পানি—মৌলিক অধিকার নাকি বাণিজ্য’ শীর্ষক লেকচারে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। রিডিং ক্লাব ট্রাস্ট ও আইনেরকথা. কম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশের হেড অব পলিসি অ্যাডভোকেসি অ্যাডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ বলেন, ‘সুপেয় পানি জীবনধারণের মৌলিক উপাদান হলেও দেশের উপকূলীয়, হাওর, পার্বত্য ও নিম্নাঞ্চলের বসতিসহ বিভিন্ন এলাকায় নিরাপদ পানির সুযোগ সমান নয়। রাজধানীর বিভিন্ন এলাকাতেও পানির সুযোগে বৈষম্য রয়েছে।’

ফাইয়াজউদ্দিন আহমদ আরও বলেন, ‘দেশের মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ পান। অর্থাৎ ৬০ দশমিক ৭ শতাংশ মানুষ নিরাপদ পানি পানের সুযোগবঞ্চিত। অনেক ক্ষেত্রে পানিতে ই. কোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণুর উপস্থিতিও রয়েছে।’

দেশের পানি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে ফাইয়াজউদ্দিন বলেন, ‘দেশে চারটি ওয়াসা রয়েছে, অন্যদিকে পৌরসভা পাঁচশতাধিক। এই কাঠামো দেশের মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে কতটা সক্ষম, তা বিবেচনা করা প্রয়োজন। জীবনধারণের মৌলিক উপাদান পানির ওপর ভ্যাট আরোপ কতটা যৌক্তিক, সেটিও প্রশ্নসাপেক্ষ।’

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তানভীর ইসলাম বলেন, ‘ওয়াসার মাধ্যমে পানির দাম নিয়ন্ত্রণ করা হলেও সরকারের সেবার আওতার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর পানি সংগ্রহের উৎস অনেক ক্ষেত্রে অনিরাপদ। পানি সরবরাহ ও শুদ্ধিকরণে সরকারকে দায় নিতে হবে।’

এ সময় যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ইউনিভার্সিটির সিনিয়র ফেলো ও অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ড. জাকিয়া আফরিন বলেন, নিরাপদ পানি নিশ্চিত করতে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্লিন্ট শহরের পানি সংকটের উদাহরণ তুলে ধরেন। সেখানে পানি নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে জনগণ সংগঠিত হয়ে ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেন তিনি।

পানির বাণিজ্যিক ব্যবহারের বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান জাকিয়া আফরিন। বিভিন্ন করপোরেশন কী পরিমাণ পানি ব্যবহার করছে, সে বিষয়ে নজরদারি প্রয়োজন বলে তিনি মনে করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারগুলোর পানির ব্যবহার ভবিষ্যতে বাংলাদেশের জন্যও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান ও আইনের ইতিহাসবিষয়ক গবেষক আরিফ খান বলেন, ‘সুপেয় পানি জনগণের সম্পদ। পানির ওপর জনগণের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের সাংবিধানিক দায় রয়েছে। এ দায় বাস্তবায়নে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন রিডিং ক্লাব ট্রাস্টের ট্রাস্টি রাশেদ রাহম। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রিডিং অ্যাসোসিয়েট এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত