থাইল্যান্ডের সুরানারি ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (এসইউটি) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির সুযোগ রয়েছে। এ বৃত্তির আওতায় মাস্টার্স, সমন্বিত মাস্টার্স-ডক্টরাল ও ডক্টরাল ডিগ্রিতে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ১০ হাজার থাই বাথ ভাতা পাবেন। পাশাপাশি নির্ধারিত কিছু শিক্ষাব্যয় মওকুফ করা হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাসিক ১০ হাজার বাথ ভাতার পাশাপাশি নির্ধারিত মেয়াদে ক্রেডিট ফি, যোগ্যতা অনুযায়ী অন্যান্য ফি ও শিক্ষার্থী কার্যক্রমের খরচের সুবিধা পাবেন। এ ছাড়া পছন্দের বিষয়ে গবেষণা, পাঠদানে সহযোগিতা এবং গবেষণালব্ধ ফল প্রকাশের সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্সে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ করতে হবে। একই সময়ে অন্য কোনো বৃত্তি গ্রহণ করা যাবে না। আগে মাস্টার্স সম্পন্ন করা পিএইচডি আবেদনকারীদের অতিরিক্ত একাডেমিক যোগ্যতা ও গবেষণাপত্র প্রকাশের শর্ত পূরণ করতে হবে। গবেষণা ও পাঠদানসংশ্লিষ্ট দায়িত্ব পালনের আগ্রহও থাকতে হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
বিশ্ববিদ্যালয়টিতে জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, প্রাণরসায়ন, বায়োমেডিকেল সায়েন্সেস, রসায়ন, ফলিত গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিবেশ প্রকৌশল, খাদ্যপ্রযুক্তি, অণুজীববিজ্ঞান, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল, শিল্প প্রকৌশল, জিওইনফরমেটিকস, ব্যবস্থাপনা এবং পরিবহন ও লজিস্টিকস প্রকৌশলে পড়ার সুযোগ রয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য পাসপোর্টের পরিচিতি পাতার অনুলিপি, শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, ইংরেজি ভাষাদক্ষতার সনদ এবং আবেদন ফি জমার প্রমাণপত্র লাগবে। পিএইচডি আবেদনকারীদের গবেষণা প্রস্তাবনা, থিসিসের রূপরেখা অথবা স্টেটমেন্ট অব পারপাস জমা দিতে হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রয়োজন হতে পারে।
আবেদনের নিয়ম
প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট স্কুল বা ইনস্টিটিউটের সঙ্গে বৃত্তির বিষয়ে যোগাযোগ করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, আবেদন ফি ৬০ মার্কিন ডলার অথবা ২ হাজার থাই বাথ।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি আবেদন সারা বছর গ্রহণ করা হয়। আবেদনের ওয়েবসাইট: surl.li/lbavwr
আবেদনের সময়সীমা
২০২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত একাডেমিক সূচি অনুযায়ী, তৃতীয় ট্রাইমেস্টারে ভর্তির আবেদন চলবে ২০২৬ সালের ২ নভেম্বর থেকে ২০২৭ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। এ ট্রাইমেস্টার শুরু হবে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি।










