Ajker Patrika

সেলস অপারেশনে সফল হবেন যেভাবে

মুহাম্মদ শফিকুর রহমান 
সেলস অপারেশনে সফল হবেন যেভাবে
ছবি: এআই

সেলস অপারেশন মানেই কি শুধু এক্সেল শিটের হিসাবনিকাশ, রিপোর্ট তৈরি বা তথ্য রাখা? অনেকে তাই মনে করেন। বাস্তবে এই বিভাগের কাজ সংখ্যার গণ্ডি ছাড়িয়ে মানুষের কাছে পৌঁছে যায়। একজন দক্ষ সেলস অপারেশন পেশাজীবী শুধু ডেটা বিশ্লেষণ করেন না, মাঠে কাজ করা সেলস টিমের পথও সহজ করে দেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সময় বাঁচানো এবং বিক্রির গতি বাড়ানোর পেছনে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তথ্য নয়, কার্যকর উপস্থাপন দরকার

সেলস টিমকে কোনো হিসাবনিকাশ বা বিশ্লেষণ পাঠানোর সময় সেটি শুধু একটি এক্সেল ফাইলে পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে কয়েক সেকেন্ডের মধ্যে একজন সেলস কর্মী বুঝে নিতে পারেন তাঁর অবস্থান। প্রয়োজনে এআই ব্যবহার করে তথ্যকে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে সহজ রূপ দেওয়া যেতে পারে। মাঠে কাজ করা মানুষের জন্য সহজবোধ্য ভিজ্যুয়ালই সবচেয়ে কার্যকর।

মাঠের বাস্তবতা বুঝতে হবে

সেলস টিমের কর্মীরা দিনের বেশির ভাগ সময় কাটান মাঠে, অর্থাৎ গ্রাহকের ধারে ধারে। রোদ, বৃষ্টি, যানজটের মধ্যে তাঁদের কাজ করতে হয়। তাই তাঁরা সব সময় এক্সেল বা জটিল রিপোর্ট বিশ্লেষণের সুযোগ পান না। সেলস অপারেশনের দায়িত্ব হলো, যেকোনো ফরম্যাটে পাওয়া তথ্যকে সহজ, পরিষ্কার ও ব্যবহারযোগ্য করে তাঁদের সামনে তুলে ধরা।

সময়মতো কাজই বড় শক্তি

এই পেশায় সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি মাসের ১০ তারিখের মধ্যে কোনো তথ্য প্রয়োজন হয়, তাহলে মাসের শুরু থেকে সংশ্লিষ্টদের মনে করিয়ে দেওয়া উচিত। অন্য কোনো প্রয়োজনে ফোনে কথা হলেও ডেটার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া যায়। ছোট এই অভ্যাস বড় ধরনের বিলম্ব কমিয়ে দেয়।

সহযোগিতাই পেশাদারত্ব

সেলস অপারেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাপোর্টিভ মানসিকতা। কোনো সেলস সদস্য বা আরএসএম তথ্য চাইলে ‘এটি আমার কাজ নয়’ কিংবা ‘আমি জানি না’—এ ধরনের উত্তর পেশাদারত্বের পরিচয় দেয় না। উত্তর জানা না থাকলে খুঁজে বের করতে হবে। প্রয়োজন হলে অন্যের কাছ থেকে জেনে জানাতে হবে। একজন দক্ষ সেলস অপারেশন কর্মী আসলে প্রতিষ্ঠানের সবচেয়ে নির্ভরযোগ্য সমস্যা-সমাধানকারী।

অভিজ্ঞতার ঝুলি থেকে

কর্মজীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আমাকে নতুন করে শিখিয়েছে। ডেকো ফুডস লিমিটেডে কাজ করার সময় একজন সেলস সদস্য বারবার ফোন করে বলছিলেন, তাঁর টার্গেট বেশি দেওয়া হয়েছে। বিষয়টি তখনকার জিএম সালাউদ্দিন স্যারকে জানাই। পরে মজা করে সহকর্মীকে বললাম, ‘স্যার বলেছেন, টার্গেট নিয়ে যতবার ফোন দেবেন, তত লাখ করে বাড়বে।’

কথাটি শুনে তিনি আর টার্গেট নিয়ে ফোন করেননি। তখন বুঝেছিলাম, সব সমস্যার সমাধান কঠোর ভাষায় হয় না। কখনো কখনো রসবোধও দারুণ কার্যকর। আরেকবার একজন সেলস সদস্য জানতেন, ক্যালকুলেশন ঠিকই হয়েছে। তারপরও নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে চাইছিলেন। তখন বললাম, ‘আপনি আমার বসকে মেইল করে লিখুন, আমি ক্যালকুলেশনে ভুল করেছি। মেইলে সংশ্লিষ্ট সবাইকে রাখবেন।’ এরপর আর তিনি বিষয়টি এগিয়ে নেননি। কারণ তিনিও জানতেন, হিসাবে কোনো ভুল ছিল না।

ধৈর্যই সবচেয়ে বড় দক্ষতা

সেলস অপারেশনে কাজ করতে গেলে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোথাও চাপ, কোথাও অভিযোগ, কোথাও ভুল বোঝাবুঝি। এসব সামলাতে প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস ও পেশাদারত্ব। ব্যক্তিগত অহং, ‘আমি কেন করব’ কিংবা ‘এটা আমার দায়িত্ব নয়’—এই মানসিকতা নিয়ে এই পেশায় সফল হওয়া কঠিন।

সর্বশেষ একটি বিষয় সব সময় মনে রাখা প্রয়োজন; প্রতিষ্ঠানের রাজস্ব তৈরি করে সেলস টিম। ব্যাক অফিসের দায়িত্ব হলো সেই টিমকে সর্বোচ্চ সহায়তা দেওয়া। সেলস অপারেশনের সাফল্যও সেখানেই। আমি কোর সেলস এবং সেলস অপারেশন—দুই ক্ষেত্রেই কাজ করার সুযোগ পেয়েছি। এই লেখার প্রতিটি উপলব্ধি সেই বাস্তব অভিজ্ঞতারই প্রতিফলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত