
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল রোববার বলেছেন, তিনি ধর্ষক ও পেডোফাইল বা শিশুকামী নন। মূলত, গতকাল ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের ডিনার অনুষ্ঠানে গুলি করা ব্যক্তির লক্ষ্যবস্তু ছিল ‘শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতক’—এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারের নিরাপত্তাবেষ্টনী ভেঙে গুলি করা ব্যক্তি ‘র্যাডিক্যালাইজড’ বা চরমপন্থায় প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ওই ব্যক্তির লেখা একটি ম্যানিফেস্টোতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি বিদ্বেষের কথা উঠে এসেছে।
সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে গত শনিবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর সন্দেহভাজনের লেখাগুলো আদর্শগত চরমপন্থার প্রমাণ দেয়। তিনি বলেন, ‘আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে র্যাডিক্যালাইজড। সে একজন খ্রিষ্টান ছিল—একজন বিশ্বাসী—তারপর সে অ্যান্টি-খ্রিষ্টান হয়ে যায়...সে সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ ছিল।’
সন্দেহভাজন ব্যক্তি ৩১ বছর বয়সী কোল অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তদন্তকারীরা জানান, অ্যালেন একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে হঠাৎ হামলা চালান এবং গুলি ছোড়েন। এরপর তাঁকে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকার কারণে তিনি বেঁচে যান।
অ্যালেন ঘটনার এক দিন আগে হোটেলে ওঠেন। তাঁর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান, কয়েকটি ছুরিসহ একাধিক অস্ত্র পাওয়া যায়। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানশে বলেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন বলে মনে হচ্ছে।
সাক্ষাৎকারে অ্যালেনের লেখা বলে দাবি করা ম্যানিফেস্টোর কিছু অংশ পড়ে শোনানোর পর ট্রাম্প তাতে আপত্তি জানান। ম্যানিফেস্টোতে অ্যালেন ট্রাম্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে লিখেছেন, ‘প্রশাসনের কর্মকর্তারা—তারা লক্ষ্যবস্তু...একজন পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতকের অপরাধে আমি আর আমার হাত রাঙাতে রাজি নই।’
এর জবাবে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। উপস্থাপকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন। কারণ, আমি জানতাম আপনি পড়বেন। কারণ, আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। হ্যাঁ, সে এটা লিখেছে। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি পেডোফাইল নই। আপনারা কোনো অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়ছেন।’
ট্রাম্প উপস্থাপককে তিরষ্কার করে বলেন, ‘আপনার লজ্জা হওয়া উচিত—এগুলো পড়ার জন্য—কারণ, আমি এসবের কোনোটাই নই।’ ট্রাম্পকে জানানো হয়, অ্যালেন ক্যালিফোর্নিয়ায় একটি ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘নো কিংস! হ্যাঁ’ এবং যোগ করেন, ‘আমি কোনো রাজা নই।’ তিনি আরও বলেন, ‘আমি যদি রাজা হতাম, তাহলে আপনাদের সঙ্গে কথা বলতাম না।’
অন্যদিকে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুততা ও পেশাদারত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ভক্ত। তারা খুব দ্রুত ছিল। ভিডিওতে দেখলে মনে হয়, সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে...তারা খুবই পেশাদার ছিল।’

ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই কিশোরী মেয়ে।
৩১ মিনিট আগে
দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়। আশির দশকে কংগ্রেসে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করলেও ১৯৯০ সালে তিনি জনতা দলে যোগ দেন এবং ১৯৯৬ সাল পর্যন্ত রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে তিনি দলটির প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন।
৩৫ মিনিট আগে
সিরিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের খালাত ভাই সাবেক ব্রিগেডিয়ার আতেফ নাজিবের বিচার শুরু হয়েছে। গতকাল রোববার দামেস্কের একটি আদালতে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু হয়। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল...
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি দনবাস অঞ্চলের একটি অংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখার প্রস্তাব দিয়েছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করার আকৃষ্ট করার উদ্দেশ্যে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে