
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌতুকের দাবিতে নির্যাতন ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী। মামলা দায়েরের পর থেকে কাউন্সিলর শাওন পলাতক রয়েছেন।
এ ছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সিলেটের বিয়ানীবাজারের চক্রবানী গ্রামের বাসিন্দা মৃত ময়ূর আলীর মেয়ে ও কাতার প্রবাসী আবু শাহজানের স্ত্রী ছায়েরা আক্তারকে (৩৮)। সায়রা বর্তমানে শাওনের দ্বিতীয় স্ত্রী বলেও অভিযোগ করা হয়।
গত ১৭ আগস্ট কুলাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমদ শাওনের (৫০) বিরুদ্ধে মামলাটি করেন তাঁর স্ত্রী ইয়াছমিন সুলতানা চৌধুরী (৪৪)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর মেয়ে।
অভিযুক্ত তানভীর আহমদ শাওন পৌর এলাকার উত্তর মাগুরা এলাকার বাসিন্দা মৃত খলিল উদ্দিন আহমদের ছেলে। তিনি কুলাউড়া পৌরসভার বর্তমান প্যানেল মেয়র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ আগস্ট শাওনের সঙ্গে বিয়ে হয় ইয়াছমিন সুলতানার। তাঁদের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তৃতীয় তলা বাড়ি নির্মাণের জন্য শাওন তাঁর স্ত্রী ইয়াছমিনের কাছ থেকে যৌতুক হিসেবে ৬০ লাখ টাকা নেন। এরপরও বিভিন্ন অজুহাতে শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শাওন।
এরই মধ্যে কয়েক বছর ধরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর বিএএফ শাহিন স্কুলে সন্তানদের পড়াশোনার জন্য ভাড়া বাসা নিয়ে সেখানে বসবাস শুরু করেন। শাওনের নিজস্ব বাসায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা রয়েছে। সেই ব্যবসা পরিচালনায় শাওন অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন ছায়েরা আক্তারকে। স্ত্রী ও সন্তানেরা বাসায় না থাকার সুযোগে ছায়েরার সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েন শাওন। পরে বিষয়টি শাওনের স্ত্রী জানতে পারলে উল্টো স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন এবং তা না দিলে সায়েরাকে বিয়ে করে তাঁকে (ইয়াছমিনকে) তালাক দেবেন বলেও হুমকি দিতে থাকেন। সম্প্রতি ছায়েরাকে বিয়ে করে ইয়াছমিন বাসা থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
গত ১৩ আগস্ট রাত সাড়ে ৯টায় ইয়াছমিন সন্তানদের নিয়ে বাসায় ঢুকতে গেলে শাওন বাধা দেন। পরে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সন্তানদের নিয়ে বাসায় ঢোকেন। পরে শাওন ও তাঁর দ্বিতীয় স্ত্রী সায়েরা মিলে ইয়াছমিন ঘরে আটকে নির্যাতন করেন। ১৭ আগস্ট ইয়াছমিনের মা গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান বলেও অভিযোগ করা হয়েছে।
ইয়াছমিন সুলতানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সন্তানদের পড়াশোনার জন্য শমসেরনগরে থাকতাম। সেই সুযোগে সায়েরার সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে শাওন। আমার অনুমতি ছাড়া শাওন দ্বিতীয় বিয়ে করেছে। এক মাস আগে আমার বাসার তালা ভেঙে ওই মহিলাকে নিয়ে বাসায় জোরপূর্বক প্রবেশ করে এবং আমাকে বের করে দেয়।’
অভিযোগের বিষয়ে তানভীর আহমদ শাওনের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুক ও নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে শাওনের বিরুদ্ধে। শাওন ও তাঁর দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে