
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কলেজে গিয়ে অধ্যক্ষকে পিটুনি দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া একজন নারী প্রদর্শককে জুতাপেটা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাওকান্দি সরকারি কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচনার মুখে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
গতকাল দুপুরের ওই ঘটনার পর কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর আলেয়া খাতুন ভর্তি হয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। আজ শুক্রবার দুপুরে ছুটি নিয়ে তিনি বাসায় গেছেন। তাঁকে ব্যাপক মারধর করা হয়েছে। এর মধ্যে জুতাপেটার অংশের ভিডিও ছড়িয়েছে। কলেজে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
প্রদর্শক আলেয়া খাতুন জানান, তিনি ঘটনার ভিডিও করছিলেন। এ জন্য কানে থাপ্পড় দিয়ে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে। প্রচণ্ড মারধরের কারণে তাঁর একটি দাঁত ভেঙে গেছে। আরও দুটি দাঁত নড়বড় করছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সূত্রগুলো বলছে, ঘটনার সময় কলেজে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। এ জন্য কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। দায়িত্বে ছিল পুলিশ। এর মধ্যেই কলেজে এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি।
নেপথ্যে প্রভাব বিস্তার ও চাঁদাবাজি
শিক্ষকেরা জানান, কলেজে অনেক জায়গাজমি রয়েছে। আয় ভালো। এই কলেজে আগে অধ্যক্ষ ছিলেন আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক। তাঁর কাছ থেকেই এলাকার একটি চক্র চাঁদা নিত। আওয়ামী লীগ সরকারের পতনের পরও মোজাম্মেল হক নিয়মিত চাঁদা দিয়ে কিছুদিন অধ্যক্ষ পদে টিকে ছিলেন। পরে তিনি অবসর নিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন এনামুল হক। তাঁর কাছ থেকেও চাঁদা নেওয়া হতো। তাঁর পরের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক চাঁদা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এ জন্য স্থানীয় একটি চাঁদাবাজ চক্র তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন জানান, দুদিন আগে দুলাল নামের এক ব্যক্তি তাঁকে জানান, অধ্যক্ষের সঙ্গে তাঁদের আলোচনা আছে। তাঁরা কলেজে আসবেন। এরপর গতকাল দুপুরে এলাকার বিএনপি কর্মী আবদুস সামাদের নেতৃত্বে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিন, বিএনপি কর্মী শাহাদ আলীসহ ১০-১২ জন আসেন। আলেয়া খাতুন তাঁদের একটি কক্ষে বসতে দিয়ে তিন-চারজনকে অধ্যক্ষের কক্ষে যেতে বলেন। এতেই আলেয়ার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সবাই মিলে গিয়ে অধ্যক্ষকে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। মোটা অঙ্কের চাঁদা দাবি করেন মাহফিলের নামে। অধ্যক্ষ এই খাতে কলেজ থেকে টাকা দিতে পারবেন না জানালে তাঁরা বলেন, ‘টাকা দিতে পারবি না তো চেয়ারে কেন?’ এ সময় আলেয়া খাতুন এর প্রতিবাদ করেন।
আলেয়া জানান, তিনি প্রতিবাদ করলে শাহাদ আলী তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। শাহাদ আগে তাঁদের বাড়িতে কামলা দিতেন। সে কথা মনে করিয়ে দিয়ে আলেয়া বলেন, ‘তুই কত বড় নেতা হয়েছিস?’ এ সময় শাহাদ তাঁকে বলেন, ‘তুই কেন বাধা দিচ্ছিস? তুই এখানে প্রিন্সিপালের সাথে বাসর করিস।’ এ কথা শুনে রেগে গিয়ে তিনি শাহাদকে একটি থাপ্পড় দেন। এরপর শাহাদও পায়ের স্যান্ডেল খুলে তাঁকে ক্রমাগত পেটাতে থাকেন।
শিক্ষকেরা জানান, জুতাপেটা করার পরও আলেয়াকে ধরে সবাই মিলে প্রচণ্ড মারধর করেন। শার্টের কলার ধরে অধ্যক্ষকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়। মার খেয়েও মোবাইল ফোনে ভিডিও করছিলেন আলেয়া। পরে সবাই কক্ষ থেকে বেরিয়ে মাঠে আসেন। রাগ সামলাতে না পেরে আলেয়া তখন কৃষক দল নেতা জয়নাল আবেদীন ও বিএনপি নেতা আফাজ উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ওই নারীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। ঘটনার পর আফাজ উদ্দিন হাসপাতালে ভর্তি হলেও পরে আত্মগোপন করেন।
যোগাযোগ করা হলে প্রদর্শককে জুতাপেটা করা শাহাদ আলী বলেন, ‘আমি কলেজের একটা পুকুর লিজ নিয়ে চাষ করি। এর টাকা দেওয়ার জন্য কলেজে গিয়েছিলাম। কলেজ গরম দেখে চলে আসতে চেয়েছিলাম। তখন আলেয়া আমার সঙ্গে তর্কে জড়ায় এবং থাপ্পড় দেয়। মেয়ে মানুষের হাতে থাপ্পড় খেয়ে নিজেকে সামলাতে না পেরে জুতা খুলে আমি কয়েকটা দিয়েছি।’
তবে শাহাদ আলী পরিকল্পনা করেই কলেজে গিয়েছিলেন বলে দাবি করেছেন প্রদর্শক আলেয়া। তিনি বলেন, ‘শাহাদ পুকুরের টাকা দেয় না। প্রভাব দেখালে টাকা আর কেউ চাইবে না, এ জন্যই সে এমন ঘটনা ঘটিয়েছে। সবাই পরিকল্পনা করেই একসঙ্গে কলেজে এসেছিল। এই ঘটনার জন্য একটু সুস্থ হলেই আমি মামলা করব। মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
‘মূল হোতা’ সামাদ, বহিষ্কার বিএনপি নেতা
স্থানীয় বাসিন্দারা জানান, কলেজের এই ঘটনার মূল হোতা আবদুস সামাদ। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে ঢুকেছিলেন। পরে পুলিশ পরিদর্শক হয়ে অবসর নেন। এলাকায় তিনি ‘সামাদ দারোগা’ নামে পরিচিত। এলাকায় মাতব্বর সেজে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটান তিনি। গ্রামে তিনি নিজের মতো করে ‘আইন’ চালু করেছেন। তাঁর কারণে অতিষ্ঠ গ্রামের সাধারণ মানুষ।
২০২৪ সালে সামাদ দারোগা ও তাঁর সহযোগীরা গ্রামে লিখিত নিয়ম চালু করেন যে—কারও বিয়েশাদি বা সন্তানের সুন্নতে খতনায় সাউন্ড বক্সে গান বাজানো যাবে না। সোহানুর রহমান রুমন নামের এক যুবক বিয়ের দিন বাড়িতে গানবাজনা করার কারণে ওই বছরের ২৭ নভেম্বর সালিস ডেকেছিলেন সামাদ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামাদকে ডেকে সতর্ক করেন। ফলে তিনি ওই সালিস করতে পারেননি।
অভিযোগ রয়েছে, গত বছর ইসলামি জলসার নামে বিপুল টাকা চাঁদা তুলে সিংহভাগই আত্মসাৎ করেছেন সামাদ দারোগা। এবারও বিএনপির নেতা-কর্মীদের নিয়ে চাঁদা তুলছিলেন। এই চাঁদা না দেওয়ার কারণে সামাদ দারোগার সামনেই অধ্যক্ষ রাজ্জাক ও প্রদর্শক আলেয়াকে মারধর করা হয়। ওই সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীও কলেজে ছিলেন। তাই আজ তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে (আকবর আলী) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে জুতাপেটা করা শাহাদসহ অন্য নেতা-কর্মীদের বিষয়ে কিছু বলা হয়নি।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটি চালু হওয়ার ১৫ ঘণ্টা পর আবারও বন্ধ হয়ে গেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পুনরায় বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের...
৩ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ার অভিমানে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে স্বামী নজরুল ইসলাম (৫০) আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পরে মসজিদের মুসল্লিরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ...
১১ মিনিট আগে
খুলনার তেরখাদায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নুর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরও চারজন। উপজেলার মধুপুর ইউনিয়নে মধুপুর গ্রামে গতকাল শুক্রবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এবার পাঁচ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান আগামী ২১ মে শুরু হবে। বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান বিষয়ে এক প্রস্ততিমূলক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০ মিনিট আগে