
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রায় ৩৩ মাস ধরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস। একই সঙ্গে তিনি ইমরান খানের প্রতি ‘অমানবিক আচরণ’ বন্ধ করে কারাবন্দীর মানবিক অধিকার নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের এই বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইমরান খানকে একটি ছোট, জানালাবিহীন কক্ষে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির মধ্যে রাখা হয়েছে। অনেক সময় তাঁকে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ব্যায়াম কিংবা অর্থবহ মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এডওয়ার্ডস বলেন, এই ধরনের বন্দিত্ব জাতিসংঘের ‘ম্যান্ডেলা রুলস’-এর সুস্পষ্ট লঙ্ঘন। কারাগারে বন্দীদের মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের প্রণীত এই নীতিমালায় দিনে ২২ ঘণ্টা বা তার বেশি সময় অর্থবহ মানবিক যোগাযোগ ছাড়া একাকী বন্দিত্বকে ‘সোলিটারি কনফাইনমেন্ট’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর টানা ১৫ দিনের বেশি সময়ের একাকী বন্দিত্বকে দীর্ঘমেয়াদি নির্জন কারাবাস হিসেবে বিবেচনা করা হয়, যা নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের পর্যায়ে পড়তে পারে।
লিংকডইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে এডওয়ার্ডস আরও বলেন, ইমরান খান যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন—এমন প্রতিবেদন নিয়েও তিনি উদ্বিগ্ন। ২০১৩ সালের একটি দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে আঘাত এবং ২০২২ সালের নভেম্বরে হত্যাচেষ্টার সময় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিও যথাযথভাবে চিকিৎসা না পাওয়ার কারণে আরও জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি বলেন, আট মাসেরও বেশি সময় ধরে ইমরান খানকে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ অবস্থায় রাখা হয়েছে এবং তাঁর সঙ্গে কোনো সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। তিনি ইমরান খান ও তাঁর স্ত্রী—উভয়েরই ন্যায্য বিচারের অধিকার এবং মৌলিক বন্দী অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এদিকে ইমরান খানের পরিবার ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ৫ আগস্ট আদিয়ালা কারাগারের দিকে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ইমরানের বোন আলিমা খান ইতিমধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে সমর্থন সংগঠিত করছেন।
লাহোরে মিছিল আয়োজনের অনুমতি দেয়নি পাঞ্জাব সরকার। তবে পিটিআই জানিয়েছে, তারা আদালতের মাধ্যমে অনুমতি নেওয়ার চেষ্টা করবে। দলটির দাবি, ইমরান খানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ইমরান খান ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলায় কারাবন্দী হন। তিনি ও তাঁর দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহার বা চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
৯ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অব্যাহত সহিংসতা ও উচ্ছেদের নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে একটি চরমপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী গোষ্ঠী—হিলটপ ইয়ুথ। ইসরায়েলি কর্তৃপক্ষের অগোচরে ও অনেক ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে পশ্চিম তীরের পাহাড়ি...
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন স্মারকলিপি ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
৪ ঘণ্টা আগে
চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে আগামী ১৮ থেকে ২৪ মাসে প্রায় ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারত। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
৪ ঘণ্টা আগে