Ajker Patrika

শহীদ জুবাইদ ইসলামের পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
শহীদ জুবাইদ ইসলামের পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
গতকাল বিকেলে নান্দাইলের চামরুল্লাহ গ্রামে শহীদ জুবাইদ ইসলামের বাবার হাতে উপহার তুলে দেন ছাত্রদলের নেতারা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ময়মনসিংহের নান্দাইলের কিশোর মো. জুবাইদ ইসলামের (১৫) পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো উপহার পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামে শহীদ জুবাইদ ইসলামের বাড়িতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ কুসুমের হাতে উপহার তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সন্তান হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুল আজিজ কুসুম বলেন, ‘তিনটা গুলি মারছে ভাই। আমারে তো গুলির কাছে যাইতে দেয় নাই। মেরে অনেক দূরে নিয়ে ফালাইছে। কত মানুষের মধ্যে আমার পোলাডারে মারল...।” তাঁর এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁকে সান্ত্বনা দেন।

পরে ছাত্রদলের নেতারা শহীদ জুবাইদ ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস মামুন ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

উল্লেখ্য, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামের বাসিন্দা মো. জুবাইদ ইসলাম পারিবারিক আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে লালমনিরহাটে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত