Ajker Patrika

ঢাবির কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস

ঢাবি প্রতিনিধি
ঢাবির কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন শিক্ষার্থী কলাভবন ক্যাফেটেরিয়ায় গিয়ে পচা মাংস পান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে গিয়ে তাঁরা এ মাংস পান।

ক্যাফেটেরিয়াটি ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত এবং টিএসসির পরিচালকের তত্ত্বাবধানে ‘কলাভবন ক্যাফেটেরিয়া’ নামে পরিচালিত হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন শিক্ষার্থী বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাফেটেরিয়ায় যান। এ সময় তাঁরা দেখতে পান, শিক্ষার্থীদের জন্য রান্নার জন্য পচা মাংস রাখা হয়েছে।

কলাভবন ক্যাফেটেরিয়ায় পাওয়া পচা মাংস। ছবি: আজকের পত্রিকা
কলাভবন ক্যাফেটেরিয়ায় পাওয়া পচা মাংস। ছবি: আজকের পত্রিকা

ফাতিমা তাসনিম জুমা বলেন, সন্দেহ হওয়ায় ক্যাফেটেরিয়ায় গিয়ে তারা মাংস পরীক্ষা করে পচা পান। বিষয়টি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে জানানো হলে তিনি উল্টো প্রশ্ন তোলেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁরা এ ধরনের পরিদর্শনে গেলে অনেক সময় তাদের ‘মব’ করা হয়। বিষয়টি প্রক্টরকে অবহিত করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু বলেন, পচা মাংস ধরা পড়ার পর ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ নতুন মাংস আনার চেষ্টা করে এবং কিছু সময় পর বাবুর্চি এসে জানান, এটি রান্না করা হবে না।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার বাবুর্চি মোহাম্মদ সেলিম বলেন, পচা মাংস শনাক্ত হওয়ার পর সেটি বাতিল করা হয়েছে এবং নতুন মাংস আনার জন্য বলা হয়েছে। তিনি দাবি করেন, মাংসটি ব্যবহার করা হবে না এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, কিছুদিন ধরে ক্যাফেটেরিয়ার ফ্রিজ বিকল রয়েছে, যা কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো ঠিক করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত