
রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্যস্ত সড়ক এখন আর যেন সড়ক নেই। দোকানিদের দখলে সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিকল্প পথে চাপ বেড়েছে। কষ্টকর হয়ে উঠেছে পথচারীদের নিত্য চলাচল।
আম্বর শাহ মসজিদ ও প্রগতি ভবনের মাঝের রাস্তাটি একসময় ছিল প্রশস্ত। ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সরাসরি টিসিবি ভবনের সামনে পৌঁছানোর এটি ছিল সহজ পথ। এখন সেটি পুরোপুরি দখল হয়ে গেছে। এই সড়কে যানবাহন চলতে না পারায় বাধ্য হয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে বিকল্প পথে চলাচল করছে। সেখানে প্রতিদিনই ভিড়, যানজট ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়।
সড়কটির অবস্থান কারওয়ান বাজারের কাঁচাবাজার, ২ নম্বর সুপার মার্কেট ও কিচেন মার্কেটের মাঝামাঝি এলাকায়। বর্তমানে সড়কজুড়ে বসেছে বিভিন্ন ধরনের দোকান। গাড়ি বা রিকশা চলাচলের কোনো সুযোগ নেই। ঝুঁকি নিয়ে হেঁটে পার হতে হয় পথচারীদের।
গত শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে কাঁচামাল, ফল, মসলা, ডিম, কাপড় ও জুতার দোকান বসেছে। শতাধিক দোকান সড়কের ওপর ছড়িয়ে আছে। দোকানের ছাতার আড়ালে রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা থাকলেও এতে পথচারীদের চলাচল আরও কঠিন হয়ে পড়েছে।
দোকানিরা জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে খুচরা ব্যবসা চলে। রাতভর পাইকারি ব্যবসায়ীরা মালপত্র রেখে বিক্রি করেন। দিনে দোকানভাড়া দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা বা মাসিক ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এই চাঁদা সংগ্রহ করে।
পুলিশ ও মার্কেট-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, তেজগাঁও থানা বিএনপির নেতা আজাদ হোসেন আরজু, বহিষ্কৃত যুবদল নেতা মো. শাহীন শিকদার, বেলাল হোসেন ওরফে পান বেলাল, তজুমদ্দিন তজু, জালাল মোল্লা ওরফে মাছ জালাল, সাদ্দাম খানসহ আরও কয়েকজনের নামে দোকান থেকে চাঁদা নেওয়া হয়।
সড়কের দক্ষিণ পাশের কিচেন মার্কেটের একজন মুরগি ব্যবসায়ী বলেন, সড়কে দোকান নিলে প্রতিদিন অন্তত ৫০০ টাকা ভাড়া দিতে হয়। বেশ কয়েকটি গ্রুপ দোকান ভাড়া দেয়। রাতের ভাড়া আরও বেশি। ডিম ব্যবসায়ী আরিফ বলেন, দোকানের ভাড়া দিতে হয়। তবে কত দিই, সেটা বলা যাবে না।
পথচারীরা জানান, দিনে খুচরা ও রাতে পাইকারি ব্যবসার কারণে সড়কটি প্রায় ২৪ ঘণ্টাই দখলে থাকে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে হেঁটে যেতে দেখা যায় ফজলুল করিম বাবুল নামের এক বৃদ্ধকে। তিনি কারওয়ান বাজার এলাকায় থাকেন।
বললেন, ‘আমি স্ট্রোকের রোগী। সড়কটিতে রিকশা বা গাড়ি চলাচলের সুযোগ না থাকায় হেঁটে আসতে হয়। প্রতিদিনই এই সমস্যা।’
বিকল্প সড়ক বন্ধ থাকায় আশপাশের প্রধান সড়কে চাপ বেড়েছে। প্রগতি ভবন ও কিচেন মার্কেটের সামনের সড়ক এবং সোনারগাঁও হোটেলের সামনে যানজট তৈরি হচ্ছে। মেট্রো স্টেশন থেকে নামা যাত্রীদেরও সরাসরি চলাচলের সুযোগ নেই।
কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। গত ৩০ ডিসেম্বর ব্যবসায়ীরা চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন। তখন চাঁদাবাজদের হামলায় কয়েকজন আহত হন। ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেছিলেন, কারওয়ান বাজারে সব ব্যবসায়ী চাঁদাবাজিতে অতিষ্ঠ।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১ এপ্রিল থেকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে। তবে কারওয়ান বাজারে এখনো কোনো অভিযান হয়নি। অনেকের অভিযোগ, ওপর মহলকে ম্যানেজ করায় এখানে অভিযান হচ্ছে না।
জানতে চাইলে তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, ‘ফুটপাত ও সড়ক দখলমুক্তের অভিযান চলছে। অভিযানের প্রভাব কাঁচামালের দামের ওপর পড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েছি। তারা যখন ব্যবস্থা নিতে বলবে, তখন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে