Ajker Patrika

হাটবাজার ও শপিং মলে জাল নোট সরবরাহ করতেন তাঁরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হাটবাজার ও শপিং মলে জাল নোট সরবরাহ করতেন তাঁরা
উদ্ধার করা জাল নোট ও নানা সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-কুমিল্লাসহ বিভিন্ন জেলার জনবহুল হাটবাজারে জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। গতকাল রোববার রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।

আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিটিসি জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি দল কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালায়। অভিযানে হাতে-নাতে জাল নোট প্রস্তুতের সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করে আসছিল। পরে নিজেদের ও সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিংমলে এসব জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

সিটিটিসি আরও জানায়, চক্রটির হোতা শাহাব উদ্দিনের বিরুদ্ধে রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে আগের পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জাল নোট প্রস্তুতকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত