
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এলজিইডির আওতাধীন সড়কের সামাজিক বনায়নের অন্তত ১৫টি মূল্যবান মেহগনিগাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে চোরের দল।
আজ সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে আতুরের ঘর পাকা সড়কের দুই পাশে অন্তত ১৫টি মূল্যবান ও পরিণত আকৃতির মেহগনিগাছ নেই। সড়কের দুই পাশে অনেক কাটা গাছের গোড়া দেখা গেছে।
স্থানীয়রা জানান, শহীদনগর-আতুরের ঘর সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে থাকা বড় বড় গাছ চুরির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ বছর আগে পতনঊষার ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সম্পৃক্ত করে এই সামাজিক বনায়নের উদ্যোগ নেওয়া হয়। শহীদনগর বাজার থেকে আতুরের ঘর পর্যন্ত রাস্তার দুই ধারে মেহগনি ও আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছিল। বিগত এক দশকে পরিচর্যার মাধ্যমে চারাগুলো বিশাল আকৃতির গাছে পরিণত হয়, যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় অংশীদারদের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক সম্পদ হিসেবে গড়ে উঠছিল।
অভিযোগ উঠেছে, তিন-চার মাস ধরে এই পরিণত গাছগুলোর দিকে নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চোর চক্রের। তারা দফায় দফায় রাতের আঁধারে সড়কের গাছগুলো সাবাড় করতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাই ইদ্রিসী বলেন, ‘এই সড়কটি আগে থেকেই খুব মনোরম ও ছায়াঘেরা ছিল। বিভিন্ন সময় গাছ কেটে নেওয়ায় সড়কটি এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, মূল চক্রকে চিহ্নিত করে যেন দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হয়।’
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘বেশ কয়েকটি গাছ চুরি হয়েছে। বিষয়টি পুলিশ ও বন বিভাগকে অবহিত করেছি।’
এ বিষয়ে রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে