রাজধানীর ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হলে বিকেলেই তাঁদের কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মোখলেছুর রহমান ১৩ ফেব্রুয়ারি তুলি আক্তার সুমি (২৫), মেহেদী হাসান শাহরিয়া (৩০) এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। গত বছরের ১৫ ডিসেম্বর ডেমরার সারুলিয়া রসুলনগর এলাকায় এ ঘটনা ঘটে। গত রোববার দিবাগত রাতে পুলিশের পৃথক অভিযানে ডেমরার ডগাইর ও বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডগাইর নতুনপাড়া, সাদেক ভূঁইয়া রোডের বাসিন্দা এবং পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চর চান্দুপাড়া গ্রামের ছান্টু হাওলাদারের মেয়ে তুলি আক্তার সুমি, একই থানার গন্ডাপাড়া নিশানবাড়িয়া গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে মো. ওমর ফারুক (৩২), বরগুনা সদর থানার শিয়ালিয়া গ্রামের মো. সানু হাওলাদারের ছেলে মো. শফিকুল ইসলাম শান্ত (৩৮), ঝালকাঠির নলছিটি উপজেলার রুপচন্দ্রপুর গ্রামের কালাম তালুকদারের ছেলে মো. সজল তালুকদার (৩৮), গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের আলমগীরের মেয়ে দুলালী মীম (২০) এবং চট্টগ্রামের বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ইয়াছিন (৪৩)।
জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর ইভা আক্তার নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে মোখলেছুর রহমানের সঙ্গে এক নারীর পরিচয় হয়। পরিচয়ের পর ওই নারী বিভিন্ন সময়ে দেখা করার অনুরোধ জানান। পরে গত ১৫ ডিসেম্বর ডেমরার স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজার সামনে তাঁদের দেখা হয়। এ সময় সুমি তাঁকে সারুলিয়া রসুলনগর এলাকায় একটি বাসায় নিয়ে যান। বাসায় প্রবেশের কিছুক্ষণ পর সুমি, মেহেদীসহ আরও ৬-৭ জন তাঁকে একটি কক্ষে আটক করে মারধর করেন এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে মোখলেছুর তাঁর কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা আসামিদের হাতে তুলে দিতে বাধ্য হন। এ ছাড়া আত্মীয় ও পরিচিতজনদের কাছ থেকেও টাকা এনে আসামিদের দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নম্বরে পাঠানো হয়।
পুলিশ জানায়, রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার হওয়া আসামি শফিকুল ইসলাম শান্ত ও সজল তালুকদারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যেগুলোর বেশির ভাগই অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাইফুর রহমান মির্জা বলেন, আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
২ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৬ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৬ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২০ দিন আগে