অঞ্জন দত্ত ও চন্দ্রিলের সঙ্গে অংশ নেবেন আড্ডায়

সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দিয়ে ২০২৪ সালে টালিউডে অভিষেক হয় চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমা দিয়েই ওপার বাংলার নির্মাতাদের কাছে ভরসা হয়ে উঠেছেন তিনি। গত বছরের শেষ দিকে শুটিং শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমার। এবার জানা গেল, ‘আজাদি’ নামের আরও এক টালিউড সিনেমার শুটিং শেষ করেছেন চঞ্চল।
আজাদি পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়। জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর নির্মিত সবশেষ সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ মুক্তি পেয়েছিল গত বছর। ১৫ এপ্রিল সুমনের নতুন সিনেমার ডাবিং করতে কলকাতা যাচ্ছেন চঞ্চল। সেখানে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতির জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
আজাদি নির্মিত হচ্ছে ১৯৪৭ সালের দেশভাগের সময়ের গল্প নিয়ে। সিনেমায় চঞ্চলকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। গত মাসে শেষ করেছেন নতুন এই সিনেমার শুটিং। চঞ্চল চৌধুরী বলেন, ‘১৯৪৭ সালের দেশভাগের গল্প নিয়ে এই সিনেমা। খুব মানবিক একটা গল্প। আমি অভিনয় করেছি পুলিশ কর্মকর্তার চরিত্রে। গল্পে দেখা যাবে দেশভাগের ওই সময়ে যখন কেউ এপার বাংলায় ঠাঁই খুঁজছেন, কেউ আবার ওপার বাংলায় পাড়ি জমাচ্ছেন; তখন নিজ বাসায় একজন খুন হন। সেই খুনের রহস্য উন্মোচন করতে নামেন ওই পুলিশ কর্মকর্তা।’
অন্যদিকে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কলকাতার আনন্দপুরে অবস্থিত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (কেসিসি) আয়োজিত কেসিসি বৈঠকখানা অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকছেন চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন দুই দেশের এই দুই তারকা। এই পর্ব সঞ্চালনা করবেন গীতিকার, কবি ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।
এই আয়োজন নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘বছর দুয়েক আগে চন্দ্রিলদা আমাকে এই আয়োজনের কথা বলেছিলেন। তখন ভিসাসংক্রান্ত জটিলতার কারণে যাওয়া হয়নি। গত মাসে সুমন মুখোপাধ্যায়ের আজাদি সিনেমার শুটিংয়ে যাওয়ার পর তিনি আবার যোগাযোগ করেন। এই আয়োজন তিন দিনব্যাপী হয়। প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এবারের আয়োজনের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল সিনেমা নিয়ে আড্ডার আয়োজন করা হয়েছে। আমার সঙ্গে থাকবেন অঞ্জন দত্ত, আর সঞ্চালনা করবেন চন্দ্রিলদা। আশা করছি, দারুণ এক আড্ডা হবে।’
ওপার বাংলার পাশাপাশি দেশের শোবিজ ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। রোজার ঈদে মুক্তির পাওয়া তিন সিনেমা—‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’-এ নজর কেড়েছে তাঁর অভিনয়। পাশাপাশি ঈদের নাটকেও দেখা গেছে তাঁকে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৭ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১১ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১১ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৯ দিন আগে