Ajker Patrika

নামের মিলে নিরপরাধের কারাবাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২: ২২
নামের মিলে নিরপরাধের কারাবাস

হাটহাজারী উপজেলার দেওয়ান নগরের জনৈক মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে তাঁর স্ত্রী আছমিদা আক্তার চট্টগ্রাম পারিবারিক আদালতে মামলা করেছেন। দেনমোহর ও ভরণপোষণের দাবিতে মামলাটি করা হয়। তাঁর স্বামী পেশায় জিপ চালক। স্বামীর বাবার নাম নুরুল আলম আর মায়ের নাম লায়লা বেগম। পারিবারিক আদালত সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা পেয়ে গতকাল রোববার গভীর রাতে হাটহাজারী থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। কিন্তু এই রুবেল সেই রুবেল নন। তাঁর বাবার নামও নুরুল আলম। তবে মায়ের নাম সদুরা খাতুন। তিনি একজন নির্মাণ শ্রমিক। তাঁর বাড়ি হাটহাজারীর পশ্চিম দেওয়ান নগরের সন্দ্বীপ পাড়ায়।

আদালতে আজ মঙ্গলবার উভয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উপস্থাপন করে নিরপরাধ রুবেলের জামিন আবেদন করেন। গ্রেপ্তার রুবেল আসল আসামি নয় বলে বাদীর আইনজীবীও আদালতে স্বীকার করেন। এরপর আদালত পুলিশের ভুলে গ্রেপ্তার রুবেলকে মুক্তির নির্দেশ দেন।

আজ সন্ধ্যায় মো. রুবেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলে বিষয়টি জানাজানি হয়।

জানতে চাইলে নিরপরাধ রুবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আমার মক্কেলের সঙ্গে পরোয়ানাপ্রাপ্ত অভিযুক্তের নাম ও বাবার নামে মিল থাকায় পুলিশ ভুলে তাঁকে গ্রেপ্তার করেছে। কিন্তু তাঁর মায়ের নামের সঙ্গে মিল নেই। ঠিকানাও ভিন্ন। প্রকৃত অভিযুক্তের বাড়ি দেওয়ান নগর। আর গ্রেপ্তার রুবেলের বাড়ি পশ্চিম দেওয়াননগর সন্দ্বীপ পাড়া। কিছুক্ষণ আগে তিনি মুক্তি পেয়েছেন। বিকেলে পারিবারিক আদালতের বিচারক নিশাত সুলতানা তাঁকে মুক্তির নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন নিরপরাধ রুবেলকে গ্রেপ্তার করেন। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামিকে গ্রেপ্তারের সময় জিজ্ঞাসাবাদে তিনি একই নাম-ঠিকানা উল্লেখ করেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করেছি। তিনি আসামি নন বলে দাবি করলে আরও যাচাই-বাছাই করতাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত