
আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবার নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান এই হামলায় ২৬ জন টিটিপি বা পাকিস্তানি তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে। তবে আফগান সরকারের দাবি, নিহতদের মধ্যে ১১ জন শিশুসহ অন্তত ১৩ জন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন।
আজ বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তজুড়ে কিছু নির্দিষ্ট স্থানে বিমান হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, এই অভিযানে ২৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের ৪টি আস্তানা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর মধ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি গোপন আস্তানা ও একটি গোলাবারুদের মজুত রয়েছে।
আতাউল্লাহ তারার দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে—গত ৯ জুন মুসা দারা এলাকায় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির একটি চৌকিতে হামলা (যেখানে ৬ জন সেনা নিহত হন), ২ জুন উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা এবং ৯ মে খাইবার পাখতুনখাওয়ার বান্নু এলাকার একটি থানায় আত্মঘাতী বোমা হামলা।
পাকিস্তানের কাউন্টার-টেররিজম কৌশল ‘আজম-ই-ইস্তেকাম’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পাকিস্তানের হামলাকে ‘অপরাধ ও আগ্রাসন’ বলে বর্ণনা করেছেন।
এক্সে এক পোস্টে তিনি দাবি করেন, মঙ্গলবার শেষ রাতে পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। এই হামলায় ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধসহ মোট ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৪ জন নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন বলে তিনি জানান।
আফগানিস্তানের খোস্ত প্রদেশের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্পেরা জেলার একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে একই পরিবারের ৯ জন নিহত এবং ১০ জন আহত হন। পার্শ্ববর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলার বাসিন্দারা জানিয়েছেন, সেখানে একটি বাড়িতে বিমান হামলায় ৩টি শিশু প্রাণ হারিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। পাকিস্তান আফগানিস্তানে হামলা চালানোর পর আফগান বাহিনী পাল্টা আক্রমণ চালালে পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। পরবর্তীতে গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনায় তা ভেঙে পড়ে। গত কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্ত পরিস্থিতির পর মঙ্গলবারের এই বিমান হামলা দুই দেশের সীমান্ত উত্তেজনাকে আবারও চরম পর্যায়ে নিয়ে গেল।
ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, আফগান তালেবান সরকার তাদের মাটিতে পাকিস্তানি তালেবান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা সীমান্ত পার হয়ে পাকিস্তানে রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে। তবে কাবুলের তালেবান প্রশাসন এই অভিযোগ বারবার অস্বীকার করে দাবি করেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট তাদের নিজস্ব সমস্যা এবং এর জন্য আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের গত মে মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসেই এই দুই দেশের সীমান্ত সংঘাতের কারণে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে ইরানে কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ (ফ্রিজড) তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১৫ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
১৭ ঘণ্টা আগে