যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস ভুক্ত দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন। ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর উদ্যোগ নিলে ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা এই শত্রুভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই, তারা কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের বিকল্প হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে বা অন্য কোথাও ব্রিকস কখনোই মার্কিন ডলারের জায়গা নিতে পারবে না। যে দেশ এমন কিছু করার চেষ্টা করবে, তারা শুল্কের জন্য প্রস্তুত হোক এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক শেষ করুক!’
এর আগে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কয়েক সপ্তাহ পরেই এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পুতিন সরকার বলেছিল, ‘মার্কিন ডলার ব্যবহারে বাধ্য করার যে পরিকল্পনা ট্রাম্প করছেন, সেটি বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেলবে।’
পশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
যদিও ব্রিকসের কোনো সাধারণ মুদ্রা নেই, তবে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার পর ডলারের বিকল্প মুদ্রা চালুর আলোচনা নতুন গতি পেয়েছে।
এদিকে, ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি এই শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, যাতে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে সাহায্য করে। বিশেষ করে, মারাত্মক অপিওড ফেন্টানাইলের চোরাকারবারি বন্ধে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।
বিশ্বব্যাপী ডলারের আধিপত্য সাম্প্রতিক সময়ে আরও শক্তিশালী হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের দৃঢ় অর্থনীতি, কঠোর মুদ্রানীতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বড় কারণ। তবে বৈশ্বিক অর্থনীতিতে বিভাজন বাড়তে থাকায় ব্রিকস দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে অন্যান্য মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের জিও–ইকোনমিকস সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, এখনো মার্কিন ডলারই বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। ইউরো বা ব্রিকস দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে কার্যকর কোনো উদ্যোগ এখনো নিতে পারেনি।
২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের প্রধান অর্থনীতিবিদ জিম ও’নিল ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে ‘ব্রিক’ শব্দটি তৈরি করেন। পরে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এটি ব্রিকস নামে পরিচিতি পায়। ২০২৩ সালে মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ২০২৪ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়া এই জোটে যোগ দেয়।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য নতুন এক কাঠামোগত ঝুঁকি হয়ে উঠছে। এতে কমছে শ্রমিকের কর্মক্ষমতা, ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার ব্যয়, হারাচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এসব কথা জানিয়ে বলা হয়েছে...
১ দিন আগে
দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৯ সালে নেওয়া হয়েছিল ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প
১ দিন আগে
সরকারের উন্নয়ন ব্যয়ের গতি আরও কমেছে। টানা দ্বিতীয় অর্থবছরের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ৭০ শতাংশের নিচে আটকে রয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন।
১ দিন আগে