আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এ পুরস্কারে দুটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বৈশ্বিক ইভেন্ট ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘মানি ২০/২০’ আয়োজিত এ পুরস্কারে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার স্বীকৃতি হিসেবে ‘পেমেন্টস–ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ।
অন্যদিকে, সাধারণ গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সমন্বিত লেনদেনব্যবস্থা গড়ে তোলা, দৈনন্দিন ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং জাতীয় ক্যাশলেস রূপকল্প এগিয়ে নেওয়ার অবদানের স্বীকৃতি হিসেবে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিকাশের সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্টব্যবস্থা সমাজের বিভিন্ন স্তরের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক নেটওয়ার্কে যুক্ত করতে ভূমিকা রাখছে। পাশাপাশি গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়িয়ে ক্যাশলেস অর্থনীতির বিকাশেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের শীর্ষস্থানীয় ফিনটেক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিচারক প্যানেলের মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়। আর্থসামাজিক ব্যবধান কমানো এবং ডিজিটাল অর্থনীতির রূপান্তর ত্বরান্বিত করতে ভূমিকা রাখা উদ্ভাবনগুলোকে এ আয়োজনে স্বীকৃতি দেওয়া হয়।
২০২৫ সালে প্রবর্তিত ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’-এ এর আগে জেপি মরগান পেমেন্টস, অ্যান্ট গ্রুপ ও মিন্টের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। এবারের আয়োজনে বিশ্বের মোট ২৮টি উদ্যোগকে ছয়টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। বিভাগগুলো হলো—আর্লি স্টেজ স্টার্টআপ, গ্রোথ স্টেজ স্টার্টআপ, ব্যাংকিং, পেমেন্টস, পার্টনারশিপস অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ডায়মন্ড।









