Ajker Patrika

রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিং মল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৯: ৪০
রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিং মল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
বসুন্ধরা শপিং মল। ফাইল ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মার্কেট, বিপণিবিতান ও শপিং মলে ক্রেতাসংকট দেখা দিয়েছে। কমেছে বেচাকেনাও। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতায় বিক্রির সময় কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সবচেয়ে বেশি চাপে রয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

অনেক প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করে দেওয়ার ঝুঁকিতেও রয়েছে। এর প্রভাব পড়ছে এ খাতের বিপুলসংখ্যক কর্মচারীর জীবন-জীবিকার ওপরও।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট আড়াই কোটি কর্মচারীর জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল।

এ পরিস্থিতি থেকে উত্তরণে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ জন্য প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারি করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আজ সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (১ নভেম্বর) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের ব্যবসায়ী ও কর্মচারীদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে রাত ১০টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির নেতারা মনে করেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ফিরবে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমবে এবং কর্মসংস্থান রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। এই অবস্থায় বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত