
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, যৌথ তদন্তের আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশের অভ্যন্তরে থাকা প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ ছাড়া বিদেশে থাকা আরও ১৯ হাজার কোটি টাকার সম্পদও জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দেশ থেকে যে সম্পদ পাচার হয়েছে, তা ফেরত আনতে কাজ চলছে। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব।’
এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, ‘আমরা কোনো দল বা মতের দিকে তাকাই না। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধেও এমন অভিযোগ পাওয়া গেলে সেটিও তদন্তের আওতায় আনা হবে।’
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনা পরিবার এবং ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করে। তদন্তাধীন গ্রুপগুলো হলো—এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার গ্রুপ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সম্পদ জব্দের পাশাপাশি মামলা দায়ের ও বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএফআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক খাতে সন্দেহজনক লেনদেনের (এসটিআর) রিপোর্টিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মোট ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন জমা দিয়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৫। অর্থাৎ, এক বছরে ১২ হাজার ৮৫৪টি বেশি প্রতিবেদন জমা পড়েছে, যা ৭৪ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি।
অন্যদিকে একই সময়ে নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) প্রায় ১৯ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে মোট সিটিআর হয়েছে ১৯ হাজার ৪৫৪টি, যা আগের অর্থবছরের ২৩ হাজার ৯০০টি থেকে ৪ হাজার ৪৪৬টি বা ১৮ দশমিক ৬০ শতাংশ কম।
বাংলাদেশের বিদ্যমান বিধান অনুযায়ী, কোনো ব্যাংক হিসাব থেকে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি জমা বা উত্তোলন হলে সেটি সিটিআর হিসেবে বিএফআইইউতে রিপোর্ট করতে হয়।
বিএফআইইউর প্রধান বলেন, সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন এসেছে ব্যাংকগুলোর মাধ্যমে। তাঁর ভাষায়, ‘আগে ব্যাংকগুলো সন্দেহজনক লেনদেনের তথ্য পাঠাতে ভয় পেত। এখন সেই ভয় অনেকটাই কেটে গেছে। ফলে রিপোর্টিং বেড়েছে। কেউ সন্দেহজনক লেনদেন করলে তিনি যে-ই হোন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর...
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুফতি মুহাম্মদ তাকী উসমানির এক ফতোয়াকে ঘিরে দেশটির ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদে লেনদেন শরিয়াহসম্মত নয় বলে তিনি মত দেওয়ার...
১৪ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় গত রোববার প্রকাশিত ‘৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়’ শীর্ষক প্রতিবেদনের আংশিক প্রতিবাদ জানিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটি বলছে, তাদের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের তথ্য ভুল ও ভিত্তিহীন।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিশেষ করে বন্দর, সাপ্লাই চেইন ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়নে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে