Ajker Patrika

৭৬৪১ জনের বিমা দাবি পরিশোধ রোববার থেকে, পাবেন ২৬ কোটির বেশি টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯: ৪৪
৭৬৪১ জনের বিমা দাবি পরিশোধ রোববার থেকে, পাবেন ২৬ কোটির বেশি টাকা
প্রতীকী ছবি

বিমা খাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ দাবি পরিশোধের ধারাবাহিকতায় তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীকে ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করা হবে। আগামী রোববার গ্রাহকদের দাবি পরিশোধ কার্যক্রম শুরু হবে।

নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জানিয়েছে, গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ও কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে দীর্ঘদিনের বৈধ বিমা দাবি নিষ্পত্তির অংশ হিসেবে ধারাবাহিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, তৃতীয় দফায় বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৩৪ জন গ্রাহক পাবেন ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা। হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের ১ হাজার ৩৮১ জন গ্রাহককে দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা।

এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ২ হাজার ৩৪৮ জন গ্রাহককে ৯ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ২ হাজার ১৪০ জনকে ৬ কোটি ৭৮ লাখ, সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্সের ১৬৫ জনকে ৩০ লাখ ও সানলাইফ ইনস্যুরেন্সের ১ হাজার ৫৭৩ জনকে ৫ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করা হবে।

এর আগে দুই দফায় ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীকে মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করেছে আইডিআরএ। এর মধ্যে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা ও দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হয়।

দুই দফায় ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর অনুকূলে ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। তৃতীয় দফার অর্থ পরিশোধ সম্পন্ন হলে আইডিআরএর উদ্যোগে তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীকে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।

এ বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজকের পত্রিকাকে বলেন, বিমা দাবি পরিশোধের মাধ্যমে বিমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে ভূমিকা রাখা হবে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা ও বিমা খাতের সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত