Ajker Patrika

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে ইউনিট স্থাপন, কেনা হবে অস্ত্র

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০: ৪০
বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে ইউনিট স্থাপন, কেনা হবে অস্ত্র
রাজধানীতে বেবিচক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য দেশের বিমানবন্দরগুলোতে দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, পাখি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অস্ত্র কেনা এবং দীর্ঘদিনের শূন্য পদে জনবল নিয়োগের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের বলেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের ঘটনাগুলো পর্যালোচনা করে বিমানবন্দরগুলোতে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

পাখির ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের কার্যক্রম শুরুর নির্দেশনার পাশাপাশি বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার বিষয়েও ব্যবস্থা নিতে বলেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের তাগিদ দেন।

বিমান চলাচলের জন্য নিরাপদ এলাকা বা ‘সেফ ফ্লাই জোন’ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তাঁর মতে, সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা যেন বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বন্যপ্রাণীজনিত ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত