
সরকার বদলের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে এসেছে। ফলে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে এমনটা সবাই ভেবেছে। কিন্তু দাম তো কমেনি বরং নানা অজুহাতে কাঁচাবাজারে পণ্যের দাম বেড়েই চলেছে। গত এক সপ্তাহে সবজি, ডিম, মুরগিসহ নিত্যপণ্যের দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ছে। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাজার নজরদারি কম থাকায় ফড়িয়ারা ভোক্তার পকেট কাটছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, বনশ্রীর মেরাদিয়া বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম বেড়েছে। বাজারভেদে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। সবজির বাড়তি দামের জন্য বন্যা ও বৃষ্টিকে দুষলেন কারওয়ান বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা ও বৃষ্টির কারণে সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম। ফলে দাম কিছুটা বেড়েছে।’
সোহেল রানা জানান, পটল ও চিচিঙ্গা কেজিপ্রতি ৫০-৬০ টাকা বিক্রি করছেন, এই দুটি সবজি গত সপ্তাহে বিক্রি করেছেন ৩০ টাকায়। টমেটো ও গাজর বিক্রি করছেন কেজিপ্রতি দেড় শ টাকায়, গত সপ্তাহে বিক্রি করেছেন ১২০ টাকায়।
আরেক সবজি বিক্রেতা মিনু বেগম জানান, ৫০ টাকার লাউ এখন ৬০ টাকা বিক্রি হচ্ছে, ২০ টাকার কাঁচা কলার হালি এখন ৩০ টাকা বিক্রি হচ্ছে। ১০ টাকার শাকের আঁটি বেড়ে ১২ থেকে ১৫ টাকা বিক্রি হচ্ছে। তবে রাজধানীর অন্য কাঁচাবাজারগুলোতে আরও চড়া দামে বিক্রি হয় নিত্যপণ্য।
রাজধানী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা অমিত বিশ্বাস কাঁচাবাজারের কেনাকাটা সেরেছেন কারওয়ান বাজার থেকে। তিনি জানান, মোহাম্মদপুর টাউন হল বাজারসহ রাজধানীর অন্য কাঁচাবাজারের তুলনায় কারওয়ান বাজারে কিছুটা কমদামে সবজি পাওয়া যায়। প্রতিকেজিতে ৫-১০ টাকা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরেছেন।
বনশ্রী মেরাদিয়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম জানান, মিষ্টি কুমড়োর কেজি ৬০ টাকা বিক্রি করছেন। তবে দুদিন আগেও ৪০-৫০ টাকা দামে বিক্রি করেছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারভেদে কাঁচামরিচ ২০০ আবার কোথাও ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। আলু কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের কেজি ১০০ থেকে ১১০ টাকা এবং ভালো মানের দেশি পেঁয়াজ আগের মতোই ১১০ থেকে ১১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দেশি রসুন ২০০ থেকে ২১০ এবং আমদানি করা রসুন ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই দামে রসুন বিক্রি হয়েছিল।
এদিকে একদিনের ব্যবধানে রাজধানী কাঁচাবাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। অথচ এই দুই পণ্যের দামই নির্ধারণ করে দিয়েছিল সরকার। যার কোনোটিই বিক্রি হচ্ছে না বেঁধে দেওয়া সেই দামে।
কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী মো. মিলন জানান, মুরগির কেনা দামের ওপর ভিত্তি করে বিক্রির দাম নির্ধারণ করেন। ফলে মুরগির দাম কমা-বাড়া পাইকারি ব্যবসায়ীরা ঠিক করেন। এখন ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আগে বিক্রি হয়েছে ১৭৫ থেকে ১৮০ টাকা দামে। সোনালিকা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ১৫০ টাকা দামে। আগে কেজিপ্রতি ১০-১৫ টাকা কমে বিক্রি হয়েছিল।
দিনাজপুর ও ঝিনাইদহ থেকে সবজি এনে ঢাকায় পাইকারি বিক্রি করেন গাউছিয়া ভান্ডার আড়তের মালিক মোস্তফা কামাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এখন পথে পথে পুলিশকে পয়সা দেওয়া লাগে না। আগে গাড়ি আটকাইয়া টাকা নিত। এখনো রাজনৈতিক দলগুলো টেকনিকে টাকা নেয়, তবে আগের মতো না। সবজির দাম বাড়ার পেছনে উৎপাদন ঘাটতিকে দায়ী করে এই ব্যবসায়ী বলেন, সামনে শীতের মৌসুমে সবজির দাম কমে আসবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাজার নজরদারি কম থাকায় পণ্য প্রতি দামে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। তাছাড়া একেক বাজারে একেক দামে পণ্য বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যে বৃষ্টি ও বন্যার অজুহাত দিচ্ছে, তা যৌক্তিক না। বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের দায়িত্বশীল এজেন্সিগুলোর তৎপরতা নেই বলেও অভিযোগ করেন তিনি।

খুব বেশিদিন আগের কথা নয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই) দেশটির উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতির পরিবেশকে একটি ‘গোল্ডিলকস’ মুহূর্ত (সবকিছু অনুকূলে থাকা অবস্থা) হিসেবে অভিহিত করেছিল। কিন্তু সেই মুহূর্ত ক্ষণস্থায়ী বলেই প্রমাণিত হলো।
৭ মিনিট আগে
দেশের রপ্তানিকারকদের ঋণ দিতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) নামে একটি বিশেষ তহবিল আছে। এই তহবিলের অর্থের জোগান দেওয়া হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। বর্তমানে তহবিলটির আকার ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এটা বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
১১ ঘণ্টা আগে
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি এখনো সন্তোষজনক নয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
১১ ঘণ্টা আগে
করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। পাশাপাশি সংগঠনটি নিম্ন আয়ের স্তরের কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবও দিয়েছে।
১৫ ঘণ্টা আগে