Ajker Patrika

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করার আহ্বান গ্রাহক অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০: ১৪
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করার আহ্বান গ্রাহক অ্যাসোসিয়েশনের
ফাইল ছবি

গোপালগঞ্জে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবা অবিলম্বে সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের পথ বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে মোবাইল আর্থিক সেবা শুধু অর্থ লেনদেনের মাধ্যম নয়; মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিশেষ করে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ সেবা অপরিহার্য।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডের দায় সাধারণ নাগরিকের ওপর চাপিয়ে দিয়ে তাঁদের আর্থিক লেনদেনের পথ বন্ধ করা উচিত নয় বলে মনে করে সংগঠনটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জরুরি সেবা ব্যাহত করা সমস্যার সমাধান নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছিল সংগঠনটি। তখন ইন্টারনেট বন্ধের ফলে মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বেড়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংবিধান সংশোধন কমিটির কাছে ইন্টারনেট ও ইন্টারনেটনির্ভর জরুরি সেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও দিয়েছিল তারা।

সংগঠনটির আশঙ্কা, ইন্টারনেট কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মতো জরুরি সেবা বন্ধ রাখলে নাগরিকদের মধ্যে অসন্তোষ ও অনাস্থা তৈরি হতে পারে। মানুষ বিকল্প যোগাযোগ ও লেনদেনের পথ খুঁজবে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

বিবৃতিতে গোপালগঞ্জে অবিলম্বে মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের বৈধ আর্থিক সেবা চালু করা, সাধারণ নাগরিকের অধিকার ক্ষুণ্ন না করে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক সেবা নির্বিচারে বন্ধ না করার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া বিশেষ পরিস্থিতিতে কোনো সেবা সীমিত করার প্রয়োজন হলে এর আইনগত ভিত্তি, যৌক্তিকতা ও সময়সীমা সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে জানানোর আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তবে নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের মৌলিক ও অপরিহার্য সেবা বন্ধ করে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাত থেকে গোপালগঞ্জে বিকাশ, রকেটসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন বন্ধ থাকার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিকাশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, গোপালগঞ্জের কোনো এজেন্টের নম্বর তারা বন্ধ করেননি। তবে গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত