পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান অ্যামনেস্টির

বাংলাদেশের পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে, যাতে তাঁরা নিজের ও পরিবারের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে পারেন।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস এই আহ্বান জানায়।
সংস্থাটি জানায়, আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা শ্রমিকদের প্রত্যাশা ও দাবির তুলনায় অনেক কম। পোশাকশ্রমিকেরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিলেন। খাদ্য, বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় নতুন মজুরিতেও অনেক শ্রমিকের পক্ষে মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হবে।
অ্যামনেস্টি বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি করার অধিকার রয়েছে। তাঁদের এমন মজুরি দিতে হবে, যা দিয়ে তাঁরা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারেন।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। পোস্টে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে অন্তত সাতজন পোশাকশ্রমিক ও শ্রমিক প্রতিনিধি গ্রেপ্তারের পর গত ২০ নভেম্বর আরও দুই ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করা এবং যৌথ দর-কষাকষির অধিকার চর্চার কারণে শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অ্যামনেস্টি বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া কিংবা বেশি মজুরির দাবিতে সংগঠিত হওয়ার কারণে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও বলেছে, কোথাও সহিংসতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে পার্থক্য করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ধরনের বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
পোস্টে অ্যামনেস্টি আরও জানায়, সরকারকে নিশ্চিত করতে হবে যে ন্যূনতম মজুরি হবে ন্যায্য, বৈষম্যহীন এবং প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত। একই সঙ্গে শ্রমিকদের সংগঠিত হওয়া, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং যৌথ দর-কষাকষির অধিকার সুরক্ষার পাশাপাশি এসব অধিকার চর্চার কারণে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।











