আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে। আগামীকাল সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন। কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি কমানো, ব্যবসা-বাণিজ্য সহজ করা, অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এতে গুরুত্ব পাবে।
এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণকারী অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক চাপ মোকাবিলার পাশাপাশি অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার ওপর জোর দেবে।
অন্তর্বর্তী সরকারের এই প্রথম বাজেট মূল্যস্ফীতি আরও কমানো, বেসরকারি বিনিয়োগ ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) সুবিন্যস্ত করা, আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনিশ্চয়তার মধ্যে সামাজিক সুরক্ষার জাল জোরদার করার মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
অর্থ উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে বেলা ৩টায় বাজেট বক্তৃতা দেবেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির সরকারি ফিড ব্যবহার করে একই সময়ে এই বক্তৃতা সম্প্রচার করার অনুরোধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেট কর-জিডিপি অনুপাত বাড়ানো, স্থানীয় শিল্পকে সহায়তা করা, কাঙ্ক্ষিত রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, এফডিআই আকর্ষণ করা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা, পরিপালন ব্যবধান কমানো এবং ভ্যাটের হিসাবরক্ষণ পদ্ধতি সহজ করার ওপর গুরুত্ব দেবে। এ ছাড়া ভ্যাট সংগ্রহে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সম্পূরক শুল্কের হার যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সহজ করার সম্ভাবনা রয়েছে।
আগামী বাজেট বর্তমান অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার মূল বরাদ্দ থেকে ৭ হাজার কোটি টাকা কম হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে সরকারের আর্থিক একত্রীকরণ, আরও বাস্তবায়নযোগ্য ও কার্যকর আর্থিক পরিকল্পনা প্রদানের অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেছেন, আগামী অর্থবছরের জাতীয় বাজেট সময়োপযোগী ও বাস্তবভিত্তিক হবে। অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সময় সব সামষ্টিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় বিবেচনা করেছে। তিনি বলেন, ‘আমি এই বাজেটকে ছোট বলব না, তবে এটি অবশ্যই বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী হবে। এটি সময়োপযোগী হবে; কারণ মূল্যস্ফীতি, বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাণিজ্য ও ব্যবসা-বাণিজ্য সহজ করা, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করার মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। আমরা এসব বিষয় বিবেচনা করে বাজেটকে বাস্তবভিত্তিক করছি।’
প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির ৪ শতাংশের নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির একটি সম্ভাব্য মাঝারি লক্ষ্যমাত্রা সাড়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বছরের সংশোধিত ৫ দশমিক ২৫ শতাংশের সামান্য বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার থাকবে এবং সরকার এটিকে প্রায় সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
নিম্ন আয়ের মানুষের আর্থিক চাপ কমানোর জন্য বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে তহবিল পাওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হয়েছে, যা বর্তমান অর্থবছরের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে কম।
ড. সালেহউদ্দিন আহমেদ আশ্বাস দিয়েছেন, আসন্ন বাজেট ব্যবসাবান্ধব হবে এবং বিনিয়োগ, জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে করনীতি চালু করা হবে। আগামী বাজেটের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার টাকার সংস্থানের জন্য রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান অর্থবছরের ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার বেশি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা। প্রভাব হিসেবে অনেক ক্রেতা তাঁদের ক্রয়াদেশ ধীরে ধীরে ভারতসহ বিকল্প বাজারে সরিয়ে নিচ্ছেন। এ অবস্থায়, পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি আয়ের ওপর বর্তমান ১ শতাংশ উৎসে কর কমিয়ে
১ ঘণ্টা আগে
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক আরও জানান, সর্বশেষ সংযোজন হিসেবে ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ফিরবে।
৩ ঘণ্টা আগে
এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারিতে। অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির দাম কম পড়ে, পাশাপাশি প্রায় ১৬ ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং বিনিয়োগের পথ প্রশস্ত করতে উচ্চপর্যায়ের সংলাপের উদ্যোগ নিয়েছে উভয় দেশ। বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত নীতিনির্ধারণী আলোচনার অংশ হিসেবে শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) দক্ষিণ...
১৫ ঘণ্টা আগে