
এখন থেকে অর্থনীতি ও বিভিন্ন সামাজিক সূচকের সঠিক তথ্য সঠিক সময়ে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাড়িয়ে-কমিয়ে তথ্যের গরমিল বা এই তথ্য প্রকাশের কোনো সুযোগ রাখা হবে না। মূল্যস্ফীতি ও জিডিপির হালনাগাদ প্রকৃত তথ্যই এখন থেকে প্রকাশ পাবে। যথাযথ নীতি প্রণয়নের জন্য এই প্রকৃত তথ্য-উপাত্ত খুবই দরকার।
গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ এমন প্রতিশ্রুতি দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার প্রথম কর্মদিবস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যের শুদ্ধতা নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরো যাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারে, তার জন্য বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও নজর রাখার কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
মূল্যস্ফীতিবিষয়ক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অস্বীকার করে লাভ নেই, খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে ১৪ শতাংশের ওপরে উঠে গেছে। যদিও গত কয়েক দিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্যের সরবরাহ চেইনে বিঘ্ন ঘটে। এই সরবরাহে বিঘ্ন ঘটলে দাম বেড়ে যায়। এ বাস্তবতায় সবার মতো অন্তর্বর্তী সরকারও মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। এর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মেগা প্রকল্পে অর্থছাড় বড় হয় উল্লেখ করে সালেহ উদ্দিন জানান, মেগা প্রকল্পের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকার আপাতত অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চায়। যে কারণে শুধু জরুরি প্রকল্প ব্যয়েই অর্থের জোগান দেওয়া হবে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার তালিকা তৈরির বিষয়ে আলোচনা চলছে। মূলত কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।
উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা দূর করতে হবে। এক রাস্তা একবার সিটি করপোরেশন খোঁড়ে, আবার ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ খোঁড়ে। এতে অর্থের অপচয় হয়; দুর্ভোগ বাড়ে মানুষের। দেখা যায়, একই বিষয়ে চারটি বিভাগ অর্থ ব্যয় করে; একই কাজ একাধিকবার করতে হয়। এসব বন্ধ করে কাজের মানোন্নয়ন করার পরামর্শ দেন তিনি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে