
চার বছর মেয়াদি ‘ফেমিনিস্ট অপরচুনিটিজ নাও’ (এফওএন) প্রকল্পের সমাপ্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘এফওএন বাংলাদেশ ক্যাপিটালাইজেশন ডিসেমিনেশন মিটিং’। আজ সোমবার অনুষ্ঠিত এ আয়োজনে নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারেরা অংশ নেন।
ফরাসি উন্নয়ন সংস্থা ‘আজঁস ফ্রঁসেজ দ্য দেভেলপমঁ’ (এএফডি)-এর আর্থিক সহায়তায় এবং ক্যাটালিস্টস ফর রাইটস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ক্রিয়া)-এর আঞ্চলিক নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় বাংলাদেশে ২০টি এবং শ্রীলঙ্কায় ২৩টির বেশি স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সহায়তা পেয়েছে।
লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে প্রকল্পের অর্জন তুলে ধরা এবং তৃণমূলের নারীবাদী আন্দোলনগুলোকে টেকসই করতে নমনীয় ও আস্থাভিত্তিক অর্থায়ন অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘নারীবাদী অর্থায়নের ফলে কী কী সম্ভব এবং এর পরবর্তী ধাপ কী?’ শীর্ষক প্যানেল আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ এতে সঞ্চালনা করেন। আলোচনায় নমনীয় অর্থায়নের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সহায়তা এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও স্থানীয় সংগঠনগুলোকে টিকিয়ে রাখার উপায় নিয়ে আলোচনা হয়।
এএফডি ঢাকা অফিসের প্রজেক্ট ম্যানেজার ও জেন্ডার ফোকাল তামান্না বিনতে রহমান বলেন, এফওএন প্রকল্পে প্রচলিত ফলাফলনির্ভর অনুদানের পরিবর্তে নমনীয় ও আস্থাভিত্তিক অর্থায়ন কাঠামো বেছে নেওয়া হয়েছে। তাঁর মতে, প্রচলিত প্রকল্পভিত্তিক অর্থায়ন মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হলে ছোট ও তৃণমূল সংগঠনগুলোর কাজ সীমিত করতে পারে। তাই অংশীজনদের প্রতি আস্থা এবং কার্যপ্রক্রিয়ায় কিছুটা নমনীয়তা রেখে সংগঠনগুলোকে নতুন উদ্যোগ নেওয়া ও জটিল পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
ক্রিয়ার প্রোগ্রামস অ্যান্ড ইনোভেশন ডিরেক্টর ড. প্রিয়া দাস বলেন, নারীবাদী সংগঠনকে অর্থায়ন শুধু অর্থ দেওয়ার বিষয় নয়; এর সঙ্গে সম্পর্ক তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরামর্শ ও সহযোগিতাও জড়িত। বিভিন্ন বাস্তবতায় কাজ করা সিএসওগুলোকে সহায়তার ক্ষেত্রে ভাষাগত ন্যায্যতা, সহজপ্রাপ্যতা ও পারস্পরিক যত্নকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রিয়া দাস আরও বলেন, এফওএন প্রকল্পে এএফডি নমনীয় ও ইতিবাচক সহযোগিতা করেছে এবং তৃণমূল সংগঠনগুলোর কাজের ফলাফলের পাশাপাশি কাজের প্রক্রিয়াকেও গুরুত্ব দিয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের পক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা বলেন, নতুন নারীবাদী সংগঠনগুলোকে শক্তিশালী করতে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা শুধু প্রশাসনিক বা আর্থিক লেনদেনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। মাঠপর্যায়ের সংগঠনগুলোকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করে তাদের দীর্ঘমেয়াদি পথচলায় সহায়তা এবং কাঠামোগত বাধা দূর করার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
ইউএন উইমেন বাংলাদেশের পার্টনারশিপ অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যানালিস্ট সৈয়দা সামারা মোরতাদা বলেন, উন্নয়ন অগ্রাধিকারে পরিবর্তন এবং নারীদের নিয়ে বিশ্বজুড়ে নেতিবাচক প্রবণতার মধ্যে নারীবাদী নাগরিক সমাজকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত সহায়তা প্রয়োজন। এফওএনের মতো প্রকল্প শেষ হওয়ার পরও দাতা সংস্থা, বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের অংশীদারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নারীবাদী সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে জোট ও নেটওয়ার্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
প্যানেল আলোচনার আগে এফওএন বাংলাদেশের পাঁচটি অংশীদার সংগঠন তাদের কাজের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরে। প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা, জিবিভি মোকাবিলায় কেস ম্যানেজমেন্ট ও ন্যায়বিচারে প্রবেশাধিকার, কমিউনিটিভিত্তিক প্রতিরোধমূলক উদ্যোগ, জিবিভি মোকাবিলায় অ্যাডভোকেসি এবং ইন্টারসেকশনালিটি—এই পাঁচটি অগ্রাধিকার বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনায় বলা হয়, সরাসরি অর্থায়ন স্থানীয় সংগঠনগুলোকে সমাজের কাঠামোগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী, প্রতিবন্ধী নারী ও মেয়ে এবং জেন্ডার-বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পাশে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ দিয়েছে। একই সঙ্গে এফওএনের সহায়তায় সংগঠনগুলো নিজেদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ খুঁজে পেয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে উন্মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের মতামত বিনিময় হয়। পরে ক্রিয়া ও কূটনৈতিক প্রতিনিধিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
সমাপনী পর্বে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি তৃণমূল নারীবাদী আন্দোলনকে সহায়তার জন্য আরও নমনীয়, সম্পর্কভিত্তিক ও আস্থাভিত্তিক অর্থায়ন কাঠামো চালুর আহ্বান জানানো হয়।

বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হওয়ার অভিযোগ পেলেও বেসরকারি আমদানিকারক ও অপারেটর কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, দেশে পণ্যটির কোনো জোগান সংকট নেই। রয়েছে পর্যাপ্ত মজুতও।
১ ঘণ্টা আগে
ব্রোকারেজ হাউসের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ডিএসই আয়োজিত ‘আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের’ মাধ্যমে...
১ ঘণ্টা আগে
অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ভার্চুয়াল গাছের বিপরীতে বাস্তবে গাছ লাগানোর মাধ্যমে ‘বিকাশ বন’ উদ্যোগে গ্রাহকদের যুক্ত করে এবার খুলনায় শুরু হলো নতুন বনায়ন কর্মসূচি। খুলনা সিটি করপোরেশন ও দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে নগরীর সোলার পার্ক এবং লিনিয়ার পার্কে এই বনায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়
৩ ঘণ্টা আগে