
সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন কৌশল অবলম্বন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেছিলেন। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে এনবিআর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে। সাবেক ওই সংসদ সদস্যদের নামে আমদানি করা ৪২টি গাড়ির মধ্যে ২৪টি গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে তোলা হয়েছিল। কিন্তু আগ্রহী ক্রেতারা গাড়িপ্রতি সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা দর প্রস্তাব করেন। প্রস্তাবিত দর বাজারমূল্যের (প্রতিটি ৮ থেকে ৯ কোটি টাকা) তুলনায় অনেক কম ছিল। এ কারণে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িগুলো ছাড় করেনি।
এ নিয়ে এনবিআর-এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমরা গাড়িগুলো নিলামে দিয়েছিলাম, কিন্তু আশানুরূপ ফল পাইনি। এখন আমরা বিকল্প পন্থা বিবেচনা করছি। কিছু সরকারি সংস্থা ৬০ শতাংশ মূল্যে গাড়ি কেনার প্রস্তাব দিয়েছে। তবে আমরা পানির দরে বিক্রি করতে চাই না। উপযুক্ত মূল্য না পেলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে গাড়িগুলোর সর্বোত্তম ব্যবহার নির্ধারণ করা হবে। বছরের পর বছর গাড়ি ফেলে রেখে স্ক্র্যাপ করার পক্ষে আমরা নই। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম কাস্টম হাউস ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
বন্দরে কন্টেইনার জট নিরসন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বন্দরে প্রায় ছয় হাজার কনটেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে। জট নিরসনের জন্য এগুলো নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি নিলাম হয়েছে। প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে কনটেইনারগুলো হস্তান্তর করা হবে। সময় নষ্ট এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছি। এর মধ্যে একটি হবে কাস্টম হাউজ, যা অত্যন্ত নান্দনিক হবে। এর নকশা চূড়ান্ত হয়েছে, তবে প্রধান উপদেষ্টার সঙ্গে এটি আলোচনা করা হবে। এ ছাড়া কাস্টমস একাডেমি ও আগ্রাবাদে একটি কর ভবন নির্মাণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘কাস্টম হাউজ নির্মাণের জন্য পুরোনো ভবন ভাঙতে হবে, তাই কাস্টম হাউজের অস্থায়ী স্থান নির্ধারণে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকা পরিদর্শন করা হয়েছে। নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত কাস্টম হাউজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরিত হবে, যা সবার জন্য সুবিধাজনক হবে।’
এর আগে এনবিআর চেয়ারম্যান সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সংগঠনের সভাপতি এসএম সাইফুল আলমসহ নেতারা আমদানি-রপ্তানি কার্যক্রমের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
আরও খবর পড়ুন:

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২ ’। এ মিলনমেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
১৫ মিনিট আগে
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
২ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে