
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। আজ বৃহস্পতিবার তিনি নবগঠিত এই ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে যোগ দেন।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক তাঁকে এমডি হিসেবে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করে। সে সময় তিনি বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
এরও আগে, ২৩ জুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁর নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
আবেদুর রহমান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অধ্যয়ন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। নেতৃত্ব, ডিজিটাল ফাইন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
পূর্ণকালীন এমডির অনুপস্থিতিতে এত দিন সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছিল। নতুন প্রধান নির্বাহীর যোগদানের মধ্য দিয়ে দেশের ব্যাংকিং খাতের অন্যতম বৃহৎ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদ, দায়, জনবল, শাখা নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কাজ এখন আরও দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।

ভোটার তালিকায় অনিয়ম, মৃত ও ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড...
১ ঘণ্টা আগে
গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের লক্ষ্যে শুরু করা ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখেছে হুন্দাই বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত সার্ভিস সেন্টারে সেবা গ্রহণে গ্রাহকদের জন্য বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন কেব্লসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
২ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে রাশিয়ার জ্বালানি তেলের শীর্ষ ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক আমদানি শুল্ক (ট্যারিফ) আরোপের একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন মার্কিন সিনেটের একদল সদস্য...
৬ ঘণ্টা আগে