
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এআই খাতে প্রবৃদ্ধি ধসে পড়লে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। যা থেকে একটি ‘বাজার সংশোধন’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সোমবার যুক্তরাষ্ট্রে জি২০ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন কোম্পানিকে ‘একাধিক প্রতিষ্ঠানে একই সময়ে বিঘ্ন ঘটার’ মতো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে।
চলতি মাসের শুরুর দিকে গুগল, মাইক্রোসফট, অ্যানথ্রপিক ও ওপেনএআইসহ ১০০টি প্রতিষ্ঠানের একটি দল দেশ ও বিভিন্ন গোষ্ঠীকে সাইবার প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানায়। এআই নিরাপত্তাব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠার আগেই এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
অ্যান্ড্রু বেইলি জি২০ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বলেন, শেয়ারবাজারে উচ্চমূল্যায়ন, বিনিয়োগকারীদের ঋণ গ্রহণ বৃদ্ধি এবং অল্প কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে অর্থের ক্রমবর্ধমান কেন্দ্রীভবন—এই তিনটি বিষয় একসঙ্গে ভবিষ্যতে বাজার সংশোধনের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীরা আগের চেয়ে বেশি ঋণ নিচ্ছেন সমস্যা কেবল এটিই নয়। বরং উচ্চমূল্যায়ন ও বাজারের কেন্দ্রীভবনের সঙ্গে ঋণনির্ভরতা এমনভাবে যুক্ত হচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ও হাইপারস্কেলারদের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক বিনিয়োগের কারণে, যা ভবিষ্যতে বাজার সংশোধনের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।’
আর্থিক নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতি বিশ্বব্যাপী ‘নিরাপদ ও দায়িত্বশীলভাবে মডেল প্রকাশ এবং মোতায়েন’ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বেইলি।
আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে চিঠিটি লিখেছেন বেইলি। এতে তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সরবরাহে ধাক্কার প্রভাবে দেখা দেওয়া ‘অস্থিরতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যুক্তরাজ্যের চ্যান্সেলর জন হিলি ব্রিটিশ এআই স্টার্টআপগুলোকে সহায়তা দিতে ১০ কোটি পাউন্ডের একটি তহবিল ঘোষণা করার কয়েক মাস পর বেইলির এই সতর্কবার্তা এল।
দেশটির নিজস্ব ‘সার্বভৌম এআই’ সক্ষমতা বাড়ানোর সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এই তহবিল গঠন করা হয়েছে। এর লক্ষ্য হলো দেশীয়ভাবে এআই প্রযুক্তি তৈরি করা, যাতে যুক্তরাজ্য বিদেশি সেবার ওপর নির্ভরশীল না থাকে।
মন্ত্রীদের লক্ষ্য, বিভিন্ন কোম্পানি এ তহবিল পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে এবং এনএইচএসে চিকিৎসাসেবার অপেক্ষমাণ তালিকা কমানো, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, সরকারের নতুন এআই অর্থনীতি ইনস্টিটিউট বিশ্বের অর্থনীতিগুলোকে এআই কীভাবে রূপান্তরিত করছে, সে বিষয়ে ‘আরও শক্তিশালী অভিন্ন ধারণা’ গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।
মুখপাত্র বলেন, ‘এআইয়ের অর্থনৈতিক প্রভাব নিয়ে কাজ করা এটিই এ ধরনের প্রথম সরকার-সমর্থিত সংস্থা। প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এআই প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও জনসেবার জন্য কী অর্থ বহন করে, তা বুঝতে নীতিনির্ধারকদের সহায়তা করছে প্রতিষ্ঠানটি।’
তবে এআই কোম্পানিগুলো ক্রমেই এমন মডেল তৈরি করছে, যেগুলো সহজেই ব্যাংক ও আর্থিক কেন্দ্রগুলোর সুরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে—এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
এই গ্রীষ্মে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা এই তিন প্রতিষ্ঠানই জানিয়েছে, তাদের এআই টুল এমন কিছু কাজ করেছে, যা তাদের করার কথা নয়। কিছু এআই এজেন্ট নিরাপত্তাব্যবস্থার বাধা অতিক্রম করতে বাস্তব মানুষের ছদ্মবেশও ধারণ করেছে।
বেইলির নেতৃত্বাধীন এফএসবি একটি বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা, যা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্যাংক এবং সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে। সংস্থাটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, চীন ও সৌদি আরবের কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
৩ ঘণ্টা আগে
কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
১২ ঘণ্টা আগে
ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কার্যক্রম গতিশীল করতে এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে দেশে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবাকে এবার আন্তর্জাতিক মানে উন্নীত করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি কিংবা সামাজিক প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পন্ন করা হবে। এ জন্য
১২ ঘণ্টা আগে
ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
১৪ ঘণ্টা আগে