
চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, ১০ হাজার টাকার গাড়ি ভাড়া ২০ হাজার টাকা হয়ে যাচ্ছে। যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ছে। আইনশৃঙ্খলার উন্নয়ন করে এই চাঁদাবাজি বন্ধ করা প্রয়োজন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে হোক আর জোর করেই হোক, চাঁদাবাজি সব সময়ই অন্যায়। এই চাঁদাবাজি বন্ধ করতে হলে রাজনৈতিকভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করতে হবে যে তারা কোনো রকম চাঁদাবাজিতে যাবে না। যদি এটা করা যায়, তবে রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। বিপরীতে যদি মন্ত্রী-এমপিদের সহায়তায় চাঁদাবাজি হয়, তবে এটি কখনোই বন্ধ করা যাবে না।
নির্বাচন-পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যাবশ্যক বলে মনে করেছেন ব্যবসায়ীরা।
আজ শনিবার ডিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্বাচন-পরবর্তী উন্নত আইনশঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এখন সময়ের অপরিহার্যতা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান বলেন, সরকার ও বেসরকারি খাতের কার্যকর উদ্যোগের ফলে এ বছর রমজানে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বেশ স্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে পণ্যের চাহিদা ও সরবরাহ সমন্বয় করার কোনো বিকল্প নেই, সেই সঙ্গে ব্যবহৃত পণ্যের সঠিক তথ্য-উপাত্ত নিশ্চিতের খুবই জরুরি।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন আরও জানান, দেশে ব্যবসাসহায়ক পরিবেশ নিশ্চিতের মাধ্যমে উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যয় হ্রাস পায়, যেটি পণ্যের মূল্য হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার জন্য সকল স্তরের জনগণকে এগিয়ে আসার ওপর তিনি জোরারোপ করেন এবং নবগঠিত নির্বাচিত এ সরকার সকল স্তরে আইনশৃঙ্খলা নিশ্চিতে আরও সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু থাকার কোনো বিকল্প নেই, যা গণতান্ত্রিক পরিস্থিতি নিশ্চিতের মাধ্যমে যা আরও সহজতর হবে। তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা গেলে, রাজনৈতিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব হবে, যা আইন ও নীতি-বহির্ভূত কার্যক্রম হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এ বিষয়ে দ্রুততার সঙ্গে কিছু সংস্কার কার্যক্রম নিশ্চিত করতে হবে, যার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হবে এবং জনগণের মাঝে আশার সঞ্চার হবে বলে তিনি অভিমত জ্ঞাপন করেন।
সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, মূল্যস্ফীতি, চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা ব্যবসা পরিচালনায় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে ব্যবসার ব্যয় বাড়ছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। তাই সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, নীতিনির্ধারক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ করা। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও প্রতিযোগিতা কমিশনের উচিত বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
মতবিনিময় সভায় বাংলাদেশ ক্রোকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি মো. মনির হোসেন বলেন, ‘রোজার আগে আমি নওগাঁ থেকে এক ট্রাক চাল এনেছিলাম, ভাড়া লেগেছে ১৪ হাজার টাকা, কয়েক দিন আগে রোজার মধ্যে আনলাম, ভাড়া লেগেছে ৩০ হাজার টাকা। তার মানে প্রতিকেজি চালে এক টাকা বেড়ে গেল। আমাদের ট্রাফিক ব্যবস্থা এত বাজে যে এর কারণে আমরা কোনো শিডিউলই ঠিক রাখতে পারি না।’
ডিসিসিআইর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ বলেন, ‘নতুন সরকারকে বুঝতে হবে মার্কেট রিয়েলিটিটা কি। চাঁদাবাজি যদি কোনো মন্ত্রী-এমপিদের সহায়তা হয় তবে কোনো সরকারই বলবৎ থাকতে পারবে না। আশা করি নতুন সরকার প্রধান এগুলো প্রশ্রয় দেবে না।’
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো বলেন, ‘আমরা ব্যবসা সহজীকরণের কথা বলছি কিন্তু সরকারই আমাদের ব্যবসাকে কঠিন করে ফেলছে। যেমন, পেঁয়াজের আমদানি করা প্রয়োজন হলে অল্প কয়েকজনকে আমদানির অনুমোদন দেয়। এতে সিন্ডিকেট তৈরি হয়। অথচ জরিমানা করা হয় ছোট-খুচরা দোকানদারকে।
রাজনীতিতে চাঁদাবাজির স্থান নেই মন্তব্য করে এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান বলেন, ‘রাজনীতির সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক একজনের আলোচনায় চলে এসেছে। গত ১৮ মাস তো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নেই। এটি একটি ক্ষত, একটি একটি অসুস্থতা। সমাজের এই ক্ষত বা অসুস্থতাকে দূর করতে গেলে দরকার সবার সমন্বিত প্রয়াস।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ডিএমপির উপকমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল জলিল ও বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অধিশাখার অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া।
ডিএমপির উপকমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজধানীতে প্রায় পাঁচ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা যোগ হয়েছে। যদি একটা রোডে পাঁচটা লেন থাকে, তারা কিন্তু পাঁচটা লেনেই চলাচল করে এবং হঠাৎ করে কোনো দিক থেকে আসবে না কোনো দিকে যাবে; এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বেশকিছু উদ্যোগ নিয়েছে। ঈদের পর এ ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হবে বলে আশা করা যাচ্ছে।
তবে অটোরিকশা নিয়ন্ত্রণে এতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি নীতিমালা ও চার্জের জন্য ব্যবহৃত গ্যারেজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে তিনি মতপ্রকাশ করেন।
এ ছাড়া যানজট হ্রাসে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানো থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান এবং বিশেষকরে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন ডিএমপি উপকমিশনার।
সভায় ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা ছিলেন।

সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৫ হাজার ৪২৯ টাকা।
৬ ঘণ্টা আগে
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু হয়েছে। আজ শুক্রবার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে চালু হওয়া এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজিত এই তারা উদ্যোক্তা
১ দিন আগে
সিয়াম বা সংযম সাধনার মাস পবিত্র রমজানের এক সপ্তাহ পেরিয়েছে। নিত্যপণ্যের বাজারের ব্যবসায়ীরা বলছেন, এতে প্রাথমিক হুড়াহুড়ি থেমে কেনাকাটার চাপ অনেকটাই কমেছে। আর কেনার চাপ কমায় লেবু, বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজসহ অন্যান্য রোজাসংশ্লিষ্ট পণ্যের আগুন দামও ঠান্ডা হয়ে আসছে।
২ দিন আগে