
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুতনিক বলেছেন, রাশিয়ার জ্বালানি তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত অনড় অবস্থান নিলেও শেষ পর্যন্ত তারা ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে ফিরে আসবে।
ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, হ্যাঁ, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে, তারা দুঃখ প্রকাশ করবে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে।’ তিনি আরও সতর্ক করে দেন, যদি ভারত ‘যুক্তরাষ্ট্রকে সমর্থন’ না করে, তবে তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ‘৫০ শতাংশ শুল্ক’ দিতে হবে।
বাণিজ্যমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর, অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি।’ এর পরেই তিনি ব্যঙ্গাত্মকভাবে তিনটি দেশের ‘সমৃদ্ধ’ ভবিষ্যৎ কামনা করেন। ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি প্রকাশ্যে দিল্লি, মস্কো ও বেইজিংয়ের মধ্যে গভীর সম্পর্ককে স্বীকার করে নিয়েছেন।
লুতনিক ভারতকে কটাক্ষ করে বলেন, ‘এটা পুরোটাই মিথ্যা অহংকার, কারণ সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে লড়াই করতে ভালো লাগে। কিন্তু শেষ পর্যন্ত, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমেরিকার সঙ্গে একটি চুক্তি চাইবেই।’
শুল্ক এড়ানোর জন্য পূর্বশর্তের কথা উল্লেখ করে লুতনিক বলেন, ‘ভারত তাদের বাজার খুলতে, রুশ তেল কেনা বন্ধ করতে এবং ব্রিকসের অংশ হওয়া বন্ধ করতে চায় না। যদি তোমরা রাশিয়া এবং চীনের মধ্যে সেতুবন্ধ হতে চাও, তবে হও! কিন্তু হয় ডলারকে সমর্থন করো, মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করো, তোমাদের সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করো, নয়তো ৫০ শতাংশ শুল্ক দাও। দেখা যাক এটা কত দিন চলে।’
তিনি রাশিয়ার তেল কেনার বিষয়ে বলেন, যেহেতু এই তেল নিষেধাজ্ঞার আওতাভুক্ত এবং ‘সত্যিই খুব সস্তা’ এবং ‘রুশরা ক্রেতা খুঁজছে’, তাই ভারতীয়রা সিদ্ধান্ত নিয়েছে, ‘ধুর, বাদ দাও! সস্তায় কিনি আর প্রচুর টাকা বানাই!’
এর আগে গতকাল ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সিএনবিসি টিভি ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভারত নিঃসন্দেহে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। তিনি বলেন, ‘রুশ তেল হোক বা অন্য কিছু, আমরা আমাদের প্রয়োজন অনুসারে দাম, সরবরাহ বা অন্য কোনো বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

দেশের সামাজিক নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের লক্ষ্যভ্রষ্টতা দেখা দিয়েছে। যাঁদের জন্য কর্মসূচিগুলো, সেই দরিদ্র জনগোষ্ঠীর বড় অংশ সুবিধার বাইরে; বিপরীতে সুবিধা পাওয়া মানুষের বড় অংশ দরিদ্র বা ঝুঁকিপূর্ণ নন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক মূল্যায়ন প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের আমদানি পরিকল্পনায় কিছুটা আস্থা ফিরলেও এর প্রতিফলন এখনো প্রকৃত আমদানিতে দেখা যাচ্ছে না। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নতুন আমদানি ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে ৭ দশমিক ০৬ শতাংশ। বিপরীতে এলসি নিষ্পত্তির মাধ্যমে পরিমাপ করা প্রকৃত আমদানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ০৯ শতাংশ।
২ ঘণ্টা আগে
গ্যাস-সংকটের কারণে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোয় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় অনেক কারখানাকে বয়লার ও জেনারেটর সচল রাখতে ডিজেলসহ অন্য বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে একদিকে উৎপাদন ব্যয় যেমন বাড়ছে, তেমনি কমছে উৎপাদনের পরিমাণ।
৪ ঘণ্টা আগে
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। এর ফলে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে অনুমোদিতভাবে পরিশোধ সেবা দিতে পারবে। বাংলালিংক ‘মুক্ত পে’ ব্র্যান্ডের অধীনে তাদের ডিজিটাল পেমেন্ট সেবা চালু করবে।
৮ ঘণ্টা আগে