Ajker Patrika

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

  • সৃজনশীল অর্থনীতিতে ৩০০ কোটি টাকা
  • এসএমই খাতে ২ হাজার কোটির তহবিল
  • স্টার্টআপ স্যান্ডবক্স ও ৯ বছরের কর অবকাশ
  • ব্লু ইকোনমি গবেষণায় ১০০ কোটি টাকা
  • স্বাস্থ্য গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা
  • স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২ হাজার কোটি
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতি থেকে উদ্ভাবন, দক্ষতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নভিত্তিক অর্থনীতিতে উত্তরণের কথা বলা হলেও বাস্তবে সে ধরনের উদ্যোগ ছিল সীমিত। এবার সেই পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০টি নতুন কর্মসূচি ও তহবিলের ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্য, সৃজনশীল অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ, ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রবাসীকল্যাণসহ বিভিন্ন খাতকে কেন্দ্র করে নেওয়া এসব উদ্যোগকে ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি নির্মাণের প্রচেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব উদ্যোগের ঘোষণা দেন। সরকারের মতে, অর্থনীতিকে আরও বহুমুখী, অন্তর্ভুক্তিমূলক ও কর্মসংস্থানমুখী করতে নতুন প্রজন্মের খাতগুলোতে বিনিয়োগ বাড়ানোই এসব উদ্যোগের লক্ষ্য।

তবে অর্থনীতিবিদদের মতে, উদ্যোগগুলোর সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের সক্ষমতা, তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং নীতির ধারাবাহিকতার ওপর। অতীতে অনেক তহবিল ও প্রণোদনা কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি। ফলে এবারও বাস্তবায়নই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নতুন উদ্যোগগুলো অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে। সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে। দেশের অর্থনীতি বর্তমানে একধরনের ‘স্ট্যাগফ্লেশন’ বা স্থবির মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। অর্থাৎ একদিকে প্রবৃদ্ধির গতি কমছে, অন্যদিকে মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে রয়ে গেছে। এই পরিস্থিতিতে উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তরুণদের সৃজনশীলতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তুলতে ৩০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আরও ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবে গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কনটেন্ট নির্মাতা, শিল্পী ও সৃজনশীল উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে সহায়তা দিতে ২ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। আইডিসিওএল, বিআইএফএফএল এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণ করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের কর-সুবিধা বাড়িয়ে বার্ষিক টার্নওভার করমুক্ত সীমা ৫০ লাখ থেকে ৭০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তরুণ ও নারী উদ্যোক্তাদের উদ্ভাবনভিত্তিক উদ্যোগকে উৎসাহ দিতে ‘স্টার্টআপ স্যান্ডবক্স’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় নতুন উদ্যোক্তারা ৯ বছর পর্যন্ত কর অবকাশ এবং শূন্য শতাংশ টার্নওভার কর-সুবিধা পাবেন।

সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে ১০০ কোটি টাকার ‘ব্লু ইকোনমি গবেষণা তহবিল’ গঠনের প্রস্তাব করা হয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ, খনিজ আহরণ, সমুদ্রভিত্তিক পর্যটন এবং নতুন শিল্প খাতের সম্ভাবনা অনুসন্ধানে এ অর্থ ব্যয় করা হবে।

স্বাস্থ্য গবেষণা ও স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে দুটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। সমন্বিত স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণা তহবিলের জন্য ১০০ কোটি টাকা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা তহবিলের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার বলছে, নতুন রোগ নিয়ে গবেষণা, চিকিৎসা উদ্ভাবন এবং ভবিষ্যৎ মহামারি মোকাবিলার সক্ষমতা তৈরিতে এসব অর্থ ব্যবহার করা হবে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ১০০ কোটি টাকার বিশেষ জলবায়ু তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে আরও ১০০ কোটি টাকার পৃথক তহবিল রাখা হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে ২০৩৫ সাল পর্যন্ত শূন্য শতাংশ করহার বহাল রাখার প্রস্তাবও রয়েছে, যা বেসরকারি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হতে পারে।

সরকারি সংস্থা ও প্রকল্পগুলোর কার্যক্রম সচল রাখতে ১৭ হাজার কোটি টাকার পরিচালন ঋণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং বিনিয়োগ-উৎপাদন চক্রে গতি আনতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকিং, বিমা, কল্যাণ সেবা ও জরুরি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়াসহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত