Ajker Patrika
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা

বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা

• সেবায় সময় কমানো ও ডিজিটালাইজেশন।

• রপ্তানি বহুমুখীকরণ ও চামড়াশিল্পের মানোন্নয়ন।

• নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক সংস্কার।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা
ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশের বাণিজ্যনীতিতে বড় পরিবর্তন আনতে হবে। এ জন্য ব্যবসা পরিচালনার দীর্ঘসূত্রতা কমানো, রপ্তানির নতুন খাত তৈরি, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার। এসব সংস্কারে নীতিগত ও কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে।

এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগও নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে যেসব সরকারি সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন সময় লাগে, তা কমিয়ে ১৪ দিনের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করার মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় সরকার।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

সরকারের পরিকল্পনায় তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজনির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে রপ্তানির নতুন উৎস হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে কয়েক বছরের মধ্যে স্বর্ণালংকার রপ্তানির উপযোগী শিল্পে পরিণত করার পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী।

এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় নতুন বাণিজ্য চুক্তির দিকেও নজর দিচ্ছে সরকার। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে।

বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ তৈরি হবে। এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দর-কষাকষির দক্ষতা বাড়াতেও প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ককাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত