দেশের ব্যাংকিং খাতে প্রচলিত ব্যাংকের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে ইসলামি ধারার ব্যাংকগুলো। আমানত সংগ্রহ, বিনিয়োগ, সম্পদ বৃদ্ধি থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্যের অর্থপ্রবাহ—প্রায় সব সূচকে তাদের প্রবৃদ্ধি কম। সবচেয়ে বেশি অবনতি হয়েছে রেমিট্যান্স সংগ্রহে। গত এক বছরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। অথচ একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ। আমানত সংগ্রহেও ইসলামি ব্যাংকগুলোর প্রবৃদ্ধি যেখানে মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ, সেখানে প্রচলিত ব্যাংকে এই হার প্রায় ১৫ শতাংশ। ব্যাংকিং খাতের বিভিন্ন সূচকের তুলনামূলক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।
গত সেপ্টেম্বর শেষে ইসলামি ধারার ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর আমানত এক বছরে বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার কোটি টাকা। ব্যাংকিং খাতের মোট আমানতের ২০ দশমিক ৬৯ শতাংশ ইসলামি ব্যাংকগুলোর হাতে রয়েছে।
বৈদেশিক বাণিজ্যের অর্থপ্রবাহেও ইসলামি ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হয়েছে। গত সেপ্টেম্বরে
এসব ব্যাংকের মাধ্যমে দেশে রপ্তানি আয় এসেছে ৬৮ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৮৫ শতাংশ কম। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় গ্রহণ এক বছরে বেড়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। সেপ্টেম্বরে ব্যাংকিং খাতের মোট রপ্তানি আয়ের মাত্র ১৭ দশমিক ৪৬ শতাংশ এসেছে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।
আমদানি ব্যয়ের চিত্র অবশ্য কিছুটা ভিন্ন। গত সেপ্টেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ব্যয় মেটানো হয়েছে ১০৫ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ বেশি। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ব্যয় এক বছরে বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রেমিট্যান্স সংগ্রহে। গত সেপ্টেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের ৮১ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এক বছরে ১৭ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৯ কোটি ৯০ লাখ ডলারে। সেপ্টেম্বর মাসে ব্যাংকিং খাতের মোট রেমিট্যান্সের মাত্র ২০ দশমিক ৫০ শতাংশ এসেছে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।
শুধু আমানত ও বৈদেশিক লেনদেন নয়, বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধিতেও পিছিয়ে রয়েছে ইসলামি ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার কোটি টাকা, যা এক বছরে বেড়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। প্রচলিত ব্যাংকের বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে ইসলামি ব্যাংকগুলোর সম্পদ বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ, বিপরীতে প্রচলিত ব্যাংকের সম্পদ বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ।
এজেন্ট ব্যাংকিংয়েও একই প্রবণতা দেখা গেছে। গত এক বছরে ইসলামি ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত কমেছে ১ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত বেড়েছে ৩২ দশমিক ২১ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলামি ধারার ব্যাংকগুলোতে বড় ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে। এতে গভীর সংকটে পড়েছেন এসব ব্যাংকের আমানতকারীরা। তাই এসব ব্যাংকের প্রতি গ্রাহকদের কিছুটা আস্থাহীনতা তৈরি হয়েছে।










