
রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি)। ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি হয়েছিল ফেরারি লুসে গাড়িটি। ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলাম অনুষ্ঠানে ৪ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৯০ কোটি টাকা) বিক্রি হয় এটি।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, স্বাভাবিক মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে গাড়িটি। নিলামে বিক্রি হওয়া নতুন কোনো গাড়ির ক্ষেত্রে এটি একটি রেকর্ড।
সোথেবিজ জানিয়েছে, গাড়ি বিক্রির পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কর্মসূচিতে দান করা হবে। তবে বিশেষভাবে তৈরি লুসে গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করেনি নিলাম প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে মন্তব্য জানতে নিলামকারী প্রতিষ্ঠান ও ফেরারির সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
মে মাসে লুসে মডেলটি উন্মোচন করে ফেরারি। গাড়িটির অনন্য ফিনিশিং, বিশেষ নকশার চাকা, কাস্টমাইজ করা ব্রেক এবং সাদা রঙের ফিনিশিং নজর কেড়েছিল। তবুও সমালোচনার মুখে পড়ে গাড়িটি। কেউ কেউ বলেন, গাড়িটি ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে সরে গেছে। ব্যাটারিচালিত হওয়া এবং পাঁচটি আসন থাকায় গাড়িটি ব্র্যান্ডটির পরিচয়ের একটি অংশ হারিয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।
লুসে উন্মোচনকে সাম্প্রতিক বছরগুলোতে নতুন কোনো গাড়ির অন্যতম বড় উন্মোচন হিসেবে দেখা হয়েছিল। এর মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে প্রথমবারের মতো প্রবেশ করে ‘প্র্যান্সিং হর্স’ নামে পরিচিত ফেরারি। এ বাজারে বর্তমানে আধিপত্য বিস্তার করছে ইলন মাস্কের টেসলা ও চীনের গাড়ি নির্মাতারা।
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও পোপ লিওকে বিলাসবহুল ব্র্যান্ডটির নতুন গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে লুসে উন্মোচনের পরদিন গাড়িটি নিয়ে সমালোচনা শুরু হলে ফেরারির শেয়ারের দাম কমে যায়।
গাড়িটির সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলো। মনতেজেমোলো বলেছিলেন, গাড়িটি ‘একটি কিংবদন্তিকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে’।
সে সময় এক সাক্ষাৎকারে ফেরারির প্রধান নকশা কর্মকর্তা ফ্লাভিও মানজোনি বলেন, সমালোচকেরা উদ্ভাবন প্রক্রিয়ারই অংশ। সময়ের সঙ্গে মানুষ লুসের প্রশংসা করতে শুরু করবে বলে তাঁর বিশ্বাস।
লুসে কতটি বিক্রি করার লক্ষ্য নির্ধারণ করেছে, তা প্রকাশ করেনি ফেরারি। তবে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ব্যাপক চাহিদার কারণে চলতি বছরের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে পূরণ করেছে গাড়িটি।
এক বিবৃতিতে সোথেবিজ বলেছে, এই দাতব্য নিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রকাশ।
গাড়ির নিলামে ফেরারির গাড়িগুলো প্রায়ই সর্বোচ্চ দামের তালিকায় থাকে। ২০২৫ সালে একটি বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপি ৩ সুপারকার নিলামে ২ কোটি ৬০ লাখ ডলার সংগ্রহ করেছিল। অর্থটি ফেরারির শিক্ষামূলক উদ্যোগে ব্যয় করার জন্য তোলা হয়। সে সময় নিলামে বিক্রি হওয়া নতুন গাড়ির সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল এটি।
তবে নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির রেকর্ডটি ১৯৫৫ সালের অত্যন্ত দুর্লভ মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উলেনহাউট কুপের দখলে। ২০২২ সালে গাড়িটি ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
১৮ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১ দিন আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ দিন আগে