নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থিত ‘শাহাদাত ঘড়ি ঘর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের ওপর দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দাবি দোকানমালিকের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকানমালিক সিরাজুল ইসলাম সুরুজ।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কের ওই দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি ও ক্যালকুলেটর বিক্রি করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যবসা শেষে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান সিরাজ। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোকানের শাটারের ওপর দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা মূল্যবান ঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
উপজেলা সদরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতালি প্লাজার মালিক মন্টু মিয়া ও সিঙ্গাপুর মার্কেটের মালিক হাজি আব্দুর রউফ দুলাল বলেন, প্রধান সড়কের দোকানেই যদি নিরাপত্তার এমন ঘাটতি থাকে, তাহলে বাজারে ব্যবসা পরিচালনা করা নিয়ে উদ্বেগ থেকেই যায়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক সিরাজুল ইসলাম সুরুজ বলেন, ‘আমার দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









