নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

সিলেট নগরীর কালিঘাট বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ভাই ভাই মসলা মিল’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট মেট্রোপলিটন কার্যালয় যৌথভাবে অভিযানটি চালায়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ময়দা পাওয়া গেছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদনপত্রের ঘাটতি, উৎপাদন ও সংরক্ষণ এলাকায় অপরিচ্ছন্নতা এবং পণ্যের প্যাকেজিং ও লেবেলে ভুল তথ্য পাওয়া যায়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মসলাজাতীয় পণ্য তৈরি, প্যাকেটজাত ও বিক্রির অভিযোগও রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল মুমিত উপস্থিত ছিলেন।









