সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নুরুল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।
পুলিশ জানায়, রোববার বেলা দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে স্যান্ডেল ভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফেরি করে স্যান্ডেল বিক্রি করতেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।










